নিট প্রশ্নফাঁস আন্দোলন থেকে দেশজুড়ে সংগঠন বিস্তারের প্রস্তুতি! রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা আপাতত নেই, তবে জাতীয় স্তরে সংগঠন মজবুত করতে বড় পদক্ষেপ ককরোচ জনতা পার্টির (সিজেপি)। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভুজিনগরে দু’দিনের বৈঠকের পর ১১ সদস্যের জাতীয় ওয়ার্কিং কমিটি ঘোষণা করল সিজেপি।
কমিটির সর্বভারতীয় আহ্বায়ক হয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। সহ-আহ্বায়ক হয়েছেন মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। অজিঙ্ক শিন্ডেরর হাতে জাতীয় সংগঠনের দায়িত্ব। সম্পাদক আফরিন নওয়াজ, মিডিয়া প্রধান বিজয় রেড্ডি মাল্লাঙ্গি। আইনি বিশেষজ্ঞ হয়েছেন রত্না সিংহ, গবেষণা ও নীতি নির্ধারণ বিষয় দেখাশুনা করবেন বৈষ্ণবী গৌর, প্রযুক্তি বিষয় সামলাবেন রোহন দেশপান্ডে এবং অর্থনৈতিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে যোগেশ ঈঙ্গালেকে। কমিটির প্রত্যেক সদস্যের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে।
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিটের প্রশ্নফাঁসের অভিযোগ-সহ একাধিক ইস্যুতে আন্দোলনের পর সিজেপিকে ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। তবে এখনই ভোটের রাজনীতিতে নামছে না সংগঠন। বরং লক্ষ্য তৃণমূল স্তরে সংগঠন ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের সমস্যাকে সামনে আনা। সদস্য বাড়াতে শুরু হয়েছে অনলাইন অভিযান। ছাত্রছাত্রী থেকে তরুণ চাকুরিজীবী—সকলকেই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সিজেপির দাবি, সদস্য সংগ্রহের জন্য কোনও অর্থ নেওয়া হবে না।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘কেয়া বোলতি পাবলিক’ কর্মসূচি। দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে তরুণদের সঙ্গে সরাসরি কথা বলবেন সিজেপির প্রতিনিধিরা। চাকরি, শিক্ষা-সহ তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা নিয়ে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ঝাড়খণ্ডেও নজর সিজেপির। চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে সেখানে চলা আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। আগামী ছ’মাসে দেশজুড়ে সিজেপির এই তৎপরতা শেষ পর্যন্ত তাদের কোন রাজনৈতিক সমীকরণের দিকে নিয়ে যায়, নজর থাকবে সেদিকেই।
















