স্কুলের ফাঁকা শ্রেণিকক্ষের ভেতরে সহকর্মী শিক্ষিকাকে চুম্বন করছেন শিক্ষক। বাধা দিচ্ছেন না শিক্ষিকাও। উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি সরকারি স্কুলের এই দৃশ্য গোপন ক্যামেরায় বন্দি হওয়ার পর তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার জেরে ইতিমধ্যেই অভিযুক্ত দুই শিক্ষককে সাসপেন্ড করেছে প্রশাসন। যদিও ভাইরাল হওয়া এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে কনৌজের সৌরিখ ব্লকের বাজেদি গ্রামের একটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের সরকারি স্কুলে। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের আচরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই সন্দেহ প্রকাশ করছিলেন তাঁর স্ত্রী। স্বামীর কীর্তি হাতেনাতে ধরতে এবং উপযুক্ত প্রমাণ সংগ্রহ করতেই তিনি কৌশল খাটান। ওই শিক্ষকের স্ত্রীই গোপনে শ্রেণিকক্ষের ভেতরে একটি ক্যামেরা বসানোর ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ। আর তাতেই স্কুল চলাকালীন দুই সহকর্মীর আপত্তিকর আচরণের একাধিক দৃশ্য ধরা পড়ে যায়। 

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা ক্লাসরুমে বসে থাকা শিক্ষিকার দিকে এগিয়ে গিয়ে আচমকাই তাঁকে চুম্বন করতে শুরু করেন ওই শিক্ষক। অন্য একটি ভিডিয়োয় আবার দু’জনকে পরস্পরকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। এই সমস্ত দৃশ্য এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। নৈতিক মূল্যবোধের পীঠস্থান হিসেবে পরিচিত বিদ্যালয়ে এই ধরনের আচরণ নিয়ে সরব হয়েছেন নেটাগরিকেরাও। ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকের আত্মীয়েরা স্কুলে পৌঁছে বিক্ষোভ দেখালেও সেই সময় অভিযুক্তরা কেউই সেখানে উপস্থিত ছিলেন না। শিক্ষা দফতরের তরফে কড়া পদক্ষেপ করা হলেও বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়া নিয়ে স্থানীয় মহলে উত্তেজনা কমেনি।