প্রশ্নফাঁস কাণ্ডের পর এ বার নিটের ফলাফলেও গুরুতর অসঙ্গতির অভিযোগ। পোর্টালে এক দিনেই এক পরীক্ষার্থীর নম্বর তিন বার পরিবর্তিত হওয়ার ঘটনা সামনে আসতেই নতুন করে চরম অস্বস্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এই ঘটনায় রেজাল্ট কেলেঙ্কারির চাঞ্চল্যকর দাবি তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিট ইউজি ২০২৬-এর এক পরীক্ষার্থী। শুক্রবারই হাইকোর্টে এই মামলার শুনানি। 

পিটিশন সূত্রে জানা গিয়েছে, গত ২১ জুন আয়োজিত নিটের পুনর্পরীক্ষায় অংশ নিয়েছিলেন ওই পরীক্ষার্থী। আনসার কি-র সঙ্গে উত্তর মিলিয়ে তাঁর হিসাব অনুযায়ী ৬২০ নম্বর পাওয়ার কথা ছিল। অভিযোগ, গত ১৬ জুলাই ফলাফল প্রকাশের পর এনটিএ-র পোর্টালে প্রথম দফায় তাঁর নম্বর দেখায় ৬৫০। এর পর পোর্টাল থেকে লগ আউট হয়ে পুনরায় লগ ইন করতেই দেখা যায় প্রাপ্ত নম্বর কমে হয়েছে ৫০০। তার পর দিন নম্বর আরও কমে পৌঁছায় মাত্র ১৩৫-এ। এই ভাবে পর পর নম্বর বদলে যাওয়ায় তাঁর র‍্যাঙ্কিং নিয়েও চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। 

শুধু তা-ই নয়, পোর্টালে যে ওএমআর শিট আপলোড করা হয়েছে, সেটি পরীক্ষার দিন জমা দেওয়া আসল উত্তরপত্র নয় বলেও দাবি করেছেন ওই পরীক্ষার্থী। আদালতে নিজের মূল ওএমআর শিট ও পরীক্ষার যাবতীয় নথি পেশ করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। 

প্রশ্নফাঁসের জেরে লাগাতার ছাত্র আন্দোলনের মুখে সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এর পরেই নিটের মূল্যায়ন প্রক্রিয়ায় এমন গুরুতর অসঙ্গতির অভিযোগ ওঠায় সারা দেশ জুড়ে ফের শোরগোল তৈরি হয়েছে। এনটিএ-র স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্ন এ বার আরও জোরালো হলো।