নিট-ইউজি প্রশ্ন ফাঁস ইস্যুতে বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট এবং ভিডিয়ো নিয়ে নয়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ। বেশ কয়েকটি সমাজমাধ্যম অ্যাকাউন্ট, কিছু নিউজ পোর্টালকে দিয়েছে। এক্স-কেও নোটিশ পাঠিয়ে আপত্তিকর পোস্টের অ্যাকাউন্টগুলি সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। একটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। সমাজমাধ্যম পোস্ট, ভিডিয়ো, কমেন্ট- সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।
দিল্লির যন্তর মন্তরে নিট-বিক্ষোভে জেন জি-দের বিভিন্ন স্লোগান শোনা গিয়েছে, নানা রকম ব্যাঙ্গাত্মক পোস্টারও নজরে পড়েছে। এ ছাড়াও এই আন্দোলনকে কেন্দ্র করে নানা রকম মিমও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে। তার মধ্যে যেগুলি আপত্তিজনক এবং প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে, সেগুলি চিহ্নিত করে মুছে ফেলার জন্য সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ার সংস্থাগুলিকে বলা হয়েছে।
দিল্লি পুলিশ আগেই নিট বিক্ষোভের সময় ৪০০ সমাজমাধ্যম হ্যান্ডলকে তারা চিহ্নিত করেছে যেগুলি পাকিস্তানের। দিল্লি পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে এখনও এই ধরনের যে সব পোস্ট ঘুরছে সেগুলি চিহ্নিত করার কাজ চলছে। তার পর সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সেই পোস্ট সরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে।
















