দ্রুতগতির পৃথিবীতে বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না ছোট থেকে বড় কেউই। তবু এ কথা বলতেই হয় যে তরুণ প্রজন্ম বা জেন জি-দের মধ্যে রিলস ভিডিও থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের নেশায় আচ্ছন্ন হয়ে থাকার প্রবণতা তুলনামূলকভাবে বেশি। এবার তাঁদের উদ্দেশ্যে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী। যেভাবে মোবাইলে আসক্ত হয়ে রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সে বিষয়েও সতর্ক করতে দেখা গেল নরেন্দ্র মোদিকে। রিলপ্রেমী প্রজন্মকে বুঝিয়ে দিলেন শর্টকাট নিতে গিয়ে জীবনের বড় ক্ষতি কখনই কাঙ্খিত হতে পারে না। 

এদিন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ‘ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস’ প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি তরুণদের বইটি পড়ার আহ্বানও জানান। তিনি বলেন, “রেলস্টেশনে অনেকে ফুটব্রিজের উপর দিয়ে না গিয়ে রেললাইন পার হয়ে যান, কারণ তাঁরা মনে করেন এটিই গন্তব্যে পৌঁছানোর দ্রুততম উপায়। ফলাফল অনেকক্ষেত্রই হয় ভয়াবহ। শর্টকাট আপনার জীবনকে সংক্ষিপ্ত করে দিতে পারে। তাই সেই পথ বর্জন করুন। "