হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ঝাড়খণ্ডের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও যুব বিষয়ক মন্ত্রী সুদিব্য কুমার সোনু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার গভীর রাতে গিরিডির একটি হাসপাতালে মৃত্যু হয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই বিধায়কের। শনিবার রাতে গিরিডির নিজের বাড়িতে ঘুমের মধ্যে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

সুদিব্য কুমার সোনু গিরিডি সদর বিধানসভা কেন্দ্রের JMM বিধায়ক ছিলেন। তিনি ২০১৯ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে গিরিডি কেন্দ্র থেকে জয়ী হয়ে হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় জায়গা পান তিনি। মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ একাধিক দফতরের দায়িত্বে ছিলেন তিনি। উচ্চ ও কারিগরি শিক্ষা এবং যুব বিষয়ক দফতর ছাড়াও নগরোন্নয়ন ও পর্যটন-সহ একাধিক দায়িত্ব সামলাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর রাজনৈতিক জীবনের বড় অংশ যেহেতু কেটেছে গিরিডিকে কেন্দ্র করে তাই তাঁর মৃত্যুর পর এই কেন্দ্র নিয়ে চিন্তা বাড়ছে রাজনৈতিক মহলের।