এবার সাক্ষীদের হুমকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টার অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) পরিবারের বিরুদ্ধে। ওই প্রাক্তন মন্ত্রীর পারিবারিক কর্মী দুলাল মাইতি ওরফে ছোটু এই মর্মে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে ওই প্রাক্তন মন্ত্রীর পরিবারের যে নাবালিকা সদস্যের উপর হেনস্থা হয়েছে তার মাও ফের এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন।

 

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি ও একইসঙ্গে POCSO-র ৪ ও ৮ ধারা দেওয়া হয়েছে। ফলে সঞ্জুর জামিন মঞ্জুর করেনি আদালত। তিনি এখনও জেলবন্দি। অভিযোগ, এই পরিস্থিতিতে সঞ্জুর দিদি রিম্পা শর্মা ঘটনার সাক্ষী ছোটুকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছেন। পুলিশে জানানো অভিযোগে ছোটু লিখেছেন, আগামী যেদিন তাঁর আদালতে সাক্ষী দিতে যাওয়ার কথা রয়েছে, সেদিন তাঁর উপর আক্রমণ হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

 

 একইসঙ্গে অভিযোগকারিনী পুলিশের কাছে অভিযোগে লিখেছেন, তিনি তাঁর মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আগামী ২৯ অগাস্ট এই ঘটনায় সাক্ষীদের বয়ান নেওয়ার তারিখ নির্ধারিত হয়েছে। কিন্তু তার আগে সঞ্জুর বিরুদ্ধে ভয় দেখিয়ে সাক্ষীদের মুখ বন্ধের চেষ্টা অভিযোগ তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে।

 

অভিযোগ, ছুটির দাবিতে বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব করেন প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মা (Security guard Sanju Sharma)। ঘটনার পরে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ (Police)। সঞ্জু দীর্ঘদিন ধরেই দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ায় বসবাসকারী ওই প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। অভিযোগ, মদ খেয়ে কাজে আসতেন বলে তাঁকে একাধিকবার সর্তকও করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। উল্টে কাজ করতে অস্বীকার ও মাসের মধ্যে ১৫দিন ছুটির দাবি করতে শুরু করেন অভিযুক্ত। সেই দাবি না মানাতেই এই আক্রমণ বলে অভিযোগ। পরে আদালতে মামলা উঠলে ওই পিএসও জামিনের আবেদন করেন। পাল্টা অভিযোগকারিনীর মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করে এফআইআর সংশোধনের জন্য আবেদন জানায় পুলিশ। এতে বিএনএসএস-এর ১০৯ ও ৭৪ ধারা (খুনের চেষ্টা) যুক্ত করার আবেদন করে। আবেদন মঞ্জুর করে আদালত। সেই মতো সঞ্জুর বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি ও একইসঙ্গে POCSO-র ৪ ও ৮ ধারা দেওয়া হয়েছে। যার শাস্তি ন্যূনতম ৭ বছর আর সর্বোচ্চ ১০ বছর।