এন চন্দ্রশেখরনেই (N Chandrasekaran) আস্থা রাখল টাটা সন্স বোর্ড (Tata Sons Board)। নোয়েল টাটার আপত্তি উড়িয়ে আগামী বছরের জন্য তাঁকেই চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা করল বোর্ড। টাটা শিল্পগোষ্ঠী থেকে পদত্যাগের ঘোষণা করেছিলেন চন্দ্রশেখরন। জানান, আগামী বছরের ২০ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার পরে টাটা সন্সের চেয়ারম্যান পদে আর থাকবেন না তিনি। কিন্তু বৃহস্পতিবার তাঁকেই পুনর্নিয়োগ করে রাখল টাটা সন্স বোর্ড। এই সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে অভিযোগ তুলেছে নোয়েল টাটার (Noel Tata) নেতৃত্বাধীন টাটা ট্রাস্ট।
টাটা গোষ্ঠীর মূল নিয়ন্ত্রক সংস্থা হল ‘টাটা সন্স’ টিসিএস, টাটা মোটরস, এয়ার ইন্ডিয়া-সহ ৩০টি সংস্থা পরিচালনা করা টাটা সন্স। যার মূল্য প্রায় সাড়ে ৩৮ লক্ষ কোটি টাকা। ‘টাটা সন্স’-এ ৬৬ শতাংশ অংশীদারি রয়েছে টাটা ট্রাস্ট-এর। টাটা গোষ্ঠীর প্রথম নন-পার্সি চেয়ারম্যান হিসাবে ২০১৭ সালে দায়িত্ব নেন এন চন্দ্রশেখরন। বছর ২০ ফেব্রুয়ারি তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান নোয়েল টাটা চন্দ্রশেখরনের মেয়াদবৃদ্ধির বিরোধিতা করেন। ১২ অগাস্ট চন্দ্রশেখরন জানান, এই পদে তিনি আর থাকতে চান না।
বছর দুয়েক আগে ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসি-র (নন-ব্যাঙ্কিং ফিন্যান্সশিয়াল কোম্পানি) লাইসেন্স ছাড়তে চেয়ে রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কাছে আবেদন করেছিল টাটা সন্স। সম্প্রতি তা খারিজ করেছে আরবিআই। যার জেরে এ বার শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে টাটা সন্স। শেয়ার বাজারে নথিভুক্ত হতে চাননি নোয়েল। কিন্তু নোয়েলের দাবি মেনে কোনও প্রতিশ্রুতি দিতে রাজি হননি চন্দ্রশেখরন। একমাত্র নোয়েল ছাড়া টাটা সন্স বোর্ডের বৈঠকে সব সদস্যই চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের প্রস্তাব সমর্থন করেছেন। ভোটাভুটিতে পাশ হয়ে যায় প্রস্তাব। টাটা সন্স বোর্ডের সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলেছে টাটা ট্রাস্ট।
















