বালেশ্বর জেলার ভোগরাই এলাকার বড়াপাই গ্রাম সংলগ্ন জঙ্গলে মঙ্গলবার সকালে পাঁচ ওরাংওটাং (Orangutan) দেখে চাঞ্চল্য ছড়ায়। কীভাবে ওড়িশায় ভিনদেশী অতিথিদের আগমন হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পশু চিকিত্সকরা ওরাংওটাংদের স্বাস্থ্য পরীক্ষা করার পর আপাতত তাদের নিভৃতবাসে রাখা হয়েছে।
ওরাংওটাং শুধু ওড়িশা নয়, গোটা দেশেই বিরল। মূলত বোর্নিয়ো এবং সুমাত্রার জঙ্গলে দেখা মেলে এদের। তাহলে এখানে এল কোথা থেকে? বন দফতরের (Odisha Forest Department) আধিকারিকদের একাংশ মনে করছেন, ওই ৫ প্রাণীকে সম্ভবত অন্যত্র পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।ইতিমধ্যেই বালেশ্বরের জঙ্গল লাগোয়া সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি শুরু করেছে ওড়িশার বন দফতর। বনমন্ত্রী গণেশরাম সিং খুন্তিয়া (Ganeshram Singh Khuntia) জানিয়েছেন, ওই পাঁচ ওরাংওটাংকে আপাতত ভুবনেশ্বরের নন্দনকানন জ়ুলজিক্যাল পার্কে (Nandankanan Zoological Park) রাখা হবে। তবে এইমুহূর্তে নিভৃতবাসে রাখা হয়েছে। বন আধিকারিকরা জানিয়েছেন, 'স্বাভাবিক ভাবে ওই ওরাংওটাংদের বালেশ্বরের জঙ্গলে আসার কোনও প্রাকৃতিক করিডর নেই। ফলে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ জোরালো হচ্ছে।'
জলবায়ু পরিবর্তনের জেরে বুদ্ধিমান প্রাণী হিসেবে পরিচিত ওরাংওটাংদের অস্তিত্ব যথেষ্ট সংকটে। তার উপর আবার চোরাশিকারীদের দৌরাত্ম্য লেগেই রয়েছে। বর্তমানে এই প্রজাতি লাল তালিকাভুক্ত। ওড়িশায় যে ৫ ওরাংওটাংয়ের দেখা মিলেছে তাদের বয়স এখনও স্পষ্ট নয়। উচ্চতা এক থেকে দেড় ফুটের মধ্যে। পাঁচ ওরাংওটাংয়ের মধ্যে চারটি আপাতত সুস্থসবল রয়েছে বলে জানিয়েছে ওড়িশার বন দফতর।
















