উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন (Uttarakhand Legislative Assembly Election) সামনে বড়সড় অস্বস্তিতে কংগ্রেস (Congress)। ভোটের প্রস্তুতির মধ্যেই দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত (Former Chief Minister of the state and veteran Congress leader Harish Rawat)। যদিও দল ছাড়ার কোনও সিদ্ধান্ত তিনি নেননি বলেই জানিয়েছেন। হরিশ রাওয়াতের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে তাঁর প্রাক্তন আপ্তসহায়ক চন্দন সিং জিনার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। সম্প্রতি ওই অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা নগদ, সোনা এবং বেশ কিছু দামি ঘড়ি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আপ্তসহায়কের বাড়ি থেকে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ২০১৬ সালের একটি দুর্নীতি সংক্রান্ত অভিযোগকে ঘিরে। সেই সময় হরিশ রাওয়াত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তে রাওয়াতের নামও উঠে এসেছে। ইডির অভিযানের পর নিজের অবস্থান স্পষ্ট করে দলের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাওয়াত। তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী সদস্য এবং উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। দুই সাংগঠনিক পদ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।
রাওয়াতের বক্তব্য, সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই সময়ে তাঁর আপ্তসহায়ককে ঘিরে ওঠা অভিযোগের প্রভাব যাতে দলের ভাবমূর্তিতে না পড়ে, সেই কারণেই তিনি সাংগঠনিক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাঁর আশঙ্কা, এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি কংগ্রেসকে রাজনৈতিকভাবে নিশানা করতে পারে। উত্তরাখণ্ডের রাজনীতিতে হরিশ রাওয়াত অত্যন্ত পরিচিত মুখ। পাঁচবারের সাংসদ রাওয়াত একসময় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। দলের অন্যতম প্রবীণ নেতা হিসেবে তাঁর সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানো তাই কংগ্রেসের জন্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বর্তমানে উত্তরাখণ্ড কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে রাওয়াতের উপস্থিতি আগের তুলনায় কম ছিল। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং আপ্তসহায়কের বাড়িতে ইডির অভিযানের বিষয়টি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরতে পারে বলেই মনে করা হচ্ছে।
















