গভীর অরণ্যে বারুদের গন্ধ, বিপ্লবের বুলি আর প্রশাসনের চোখ এড়িয়ে অন্ধকারে গা ঢাকা দেওয়া-  এই জীবন পিছনে ফেলে এখন আলোয় তাঁরা। শুধু আলোয় নয়, একেবারে ফ্যাশানের (Fashion) মঞ্চে হাজার হাজার ফ্ল্যাশ লাইটে ঝলকানিতে হাজির প্রাক্তন মাওবাদীরা। অভিনব এই দৃশ্য দেখে গেল ছত্তিশগড়ের (Chattishgarh) রায়পুরে (Raipur) আয়োজিত 'জাতীয় হস্তশিল্প দিবস ২০২৬' (National Handloom Day 2026)-এর এক অনুষ্ঠানে। ঐতিহ্যবাহী ছত্তিশগড়ের তাঁতের পোশাকে ব়্যাম্পে (Ramp) আত্মবিশ্বাসী বস্তারের প্রাক্তন মহিলা মাওবাদীরা। তাঁদের সংঘাতপূর্ণ জীবন থেকে সামাজিক উত্তরণের এক অসাধারণ যাত্রাকে তুলে ধরেছে। 

'মাওবাদী' তকমা ঝেড়ে আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আসার পরে অনেকের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা মহিলাদের অনেকেই এখন নতুন করে নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন। বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ হয়েছেন, সামাজিক উদ্যোগে অংশ নিচ্ছেন এবং এমন সব সুযোগ কাজে লাগাচ্ছেন যা একসময় তাঁদের নাগালের বাইরে ছিল। 

গত ৭ অগাস্ট ছিল জাতীয় হস্তশিল্প দিবস। সেই উপলক্ষ্যে রায়পুরের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে আয়োজিত ফ্যাশান শো-এ কোসা সিল্ক ও হাতে বোনা পোশাকে সজ্জিত হয়ে ফ্যাশন মঞ্চ কাঁপালেন প্রাক্তন মাওবাদীরা। এটি শুধুমাত্র একটি ফ্যাশন শো ছিল না, বরং এটি ছিল সেইসব নারীর পুনর্বাসন, ক্ষমতায়ন এবং নতুন জীবনের সূচনার প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইও। অংশগ্রহণকারীদের সঙ্গে কথাও বলেন তিনি। 

অনুষ্ঠানটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral) হয়েছে। মাওবাদী মহিলা সদস্যদের এই আমূল পরিবর্তন দেখে তাজ্জব নেট নাগরিকরা। অনেকেরই মন্তব্য, কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল।