পুকুরের ধারে সেলফি তোলার সময়ে জলে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে একে একে জলে ঝাঁপ দিলেন তিন বোন। কিন্তু শেষরক্ষা হল না। চোখের নিমেষে তলিয়ে গিয়ে মৃত্যু হল চার ভাইবোনেরই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঢোলপুর জেলার আংরি থানার ধুন্ধ বিরজা গ্রামে। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুন্ধ বিরজা গ্রামের হিরামন বাবা মন্দিরে পুজো দিতে সপরিবার গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। মন্দিরে পুজো চলার সময়েই ২৩ বছরের যুবক ভোলু পাশের একটি পুকুরের পাড়ে গিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। সেই সময় আচমকা পা পিছলে গভীর জলে পড়ে যান তিনি। ভাইকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁর বোনেরা। পুকুরপাড়ে গিয়ে ভোলুকে জলে হাবুডুবু খেতে দেখে পরিস্থিতি বিবেচনা না করেই সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন তাঁর দুই বোন মনোরমা ও বোতো এবং তাঁদের খুড়তুতো বোন নিশা। 

পুকুরটি অত্যন্ত গভীর হওয়ায় এবং সাঁতার না জানার কারণে কিছুক্ষণের মধ্যেই চারজনেই জলের গভীরে তলিয়ে যান। স্থানীয়দের চিৎকারে শোরগোল পড়লে দ্রুত খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা এসে পুকুর থেকে চারজনেরই নিথর দেহ উদ্ধার করে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরমথুরার সরকারি হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহগুলি তুলে দেওয়া হয়েছে। এই মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ গোটা পরিবার ও গ্রামবাসী।