পরিবর্তনশীল আধুনিক প্রযুক্তির চাহিদাকে প্রাধান্য দিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ কর্নাটক সরকারের। দক্ষিণ আফ্রিকার ধাঁচে ও বিশ্বমানের প্রযুক্তিগত প্রতিযোগিতা বজায় রাখতে দেশের প্রথম AI বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে বেঙ্গালুরুতে। শুক্রবার বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থার কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বড় ঘোষণা করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
বিশ্ববিদ্যালয়টি গড়ে তুলতে একাধিক বেসরকারি প্রযুক্তি সংস্থাকে অংশীদার হিসেবে পাশে পাচ্ছে রাজ্য সরকার। ডি কে শিবকুমার জানান, দক্ষ মানবসম্পদ এবং উদ্ভাবনী পরিবেশই বেঙ্গালুরুর মূল শক্তি। এই অগ্রগতির ধারা বজায় রাখতে বেঙ্গালুরু-সহ সমগ্র রাজ্যের শিক্ষা ও ডিজিটাল পরিকাঠামোয় আমূল পরিবর্তনের রোডম্যাপ তৈরি করা হয়েছে। কর্নাটক সরকারের এই মাস্টারপ্ল্যানের মূল দিকগুলি- গবেষণা, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে ডিপ-টেক, মহাকাশ প্রযুক্তি এবং স্টার্টআপ সংক্রান্ত নতুন নীতি চালু করা হয়েছে। প্রযুক্তির দ্রুত বাণিজ্যিকীকরণের লক্ষ্যে ‘কোয়ান্টাম রোডম্যাপ’-এর পাশাপাশি ‘বেঙ্গালুরু রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন জোন’ গঠনের কথা জানানো হয়।
পরিবেশবান্ধব ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে বিদ্যুৎ, জল, জমি ও পুনর্নবীকরণযোগ্য শক্তির সুষম ব্যবহারে জোর দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই সুষম উন্নয়নের সুফল কেবল বেঙ্গালুরুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা সমগ্র কর্নাটক জুড়ে ছড়িয়ে দেওয়া হবে।
















