প্রশ্নফাঁস রুখতে লোকসভায় বিল পাশের পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হল পাবলিক এগজামিনেশনস সংশোধনী বিল, ২০২৬ (Public Examinations (Amendment) Bill, 2026)। বৃহস্পতিবার বিলটি পেশ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং (Union Minister of State Jitendra Singh)। তিনি বলেন, সরকারি পরীক্ষায় স্বচ্ছতা বাড়ানো এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই এই সংশোধনের মূল উদ্দেশ্য। তাঁর দাবি, কয়েকজন অসাধু ব্যক্তির জন্য যাতে পরিশ্রমী পরীক্ষার্থীদের ক্ষতি না হয়, সেদিকেই নজর দিয়েছে সরকার। তবে এই বিল নিয়ে ৭ ঘণ্টা আলোচনার পরে ভোটাভুটিতে যাবে সরকার। 

বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদেরও কটাক্ষ করেন জিতেন্দ্র সিং। তাঁর দাবি, অতীতে প্রশ্নফাঁসের বহু ঘটনা ঘটলেও তা ঠেকাতে কোনও আলাদা কেন্দ্রীয় আইন ছিল না। ২০২৪ সালে প্রথমবার এই আইন আনা হয়েছিল, আর এবার সেটিকে আরও কার্যকর করতে সংশোধনী আনা হয়েছে। পাশাপাশি, জাতীয় পরীক্ষা সংস্থা গঠনের বিষয়েও বর্তমান সরকারের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

নতুন সংশোধনী অনুযায়ী, প্রশ্নফাঁসের মামলার তদন্ত সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট জমা পড়ার পর বিশেষ ফাস্ট-ট্র্যাক (Fast-track) আদালতে প্রতিদিন শুনানি চালিয়ে তিন মাসের মধ্যে বিচার শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। এর ফলে দীর্ঘদিন মামলা ঝুলে থাকার প্রবণতা কমবে বলেই আশা করছে কেন্দ্র।

বিলে আরও বলা হয়েছে, প্রশ্নফাঁস বা পরীক্ষায় অসাধু উপায়ে জড়িতদের পাঁচ থেকে দশ বছরের জেল এবং সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা জরিমানা হতে পারে। সংগঠিত চক্রের ক্ষেত্রে শাস্তি আরও কড়া করা হয়েছে। পাশাপাশি, প্রয়োজন হলে তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স (Task Force) গঠনের ক্ষমতাও কেন্দ্রের হাতে থাকবে।