রাস্তা পার হওয়ার সময় হঠাৎ ৫৫ বছরের ভরত কাপেরকে একটি গাড়ি ধাক্কা দেয়। শনিবার রাতের এই ঘটনার পর কাপেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দ্রুতগতিতে ছুটে আসা যে গাড়িটি তাঁকে ধাক্কা দিয়েছিল, সেটি ছিল জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর কনভয়ের একটি স্করপিও। জম্মুর উপকণ্ঠে গ্যাংয়ালে এদিন রাত ৯.০৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উপ-মুখ্যমন্ত্রীকে তাঁর বাসভবনে নামিয়ে দিয়ে কনভয় ফিরে আসছিল বলে খবর। নিহত ব্যক্তির নাম ভরত কাপের; তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা ছিলেন। জম্মুর ওই এলাকায় একটি দোকানে কাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রাথমিক তথ্যানুযায়ী, উপ-মুখ্যমন্ত্রীর কনভয়ের অন্তর্ভুক্ত দ্রুতগামী একটি স্করপিও গাড়ির ধাক্কায় তিনি আহত হন। দুর্ঘটনার পরেই যদিও গাড়ির চালক গাড়ি থেকে নেমে আহত ব্যক্তিকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়না। পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করে। এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর শহরাঞ্চলে গভীর রাতে সড়ক নিরাপত্তা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
















