দিল্লির পর এবার নজরে ঝাড়খণ্ড! একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে ঝাড়খণ্ডে জেন জি পড়ুয়াদের আন্দোলনে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। সরকারের সঙ্গে বৈঠক হলেও অচলাবস্থা একেবারেই কাটেনি। রাজ্য সরকার পড়ুয়াদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি করেছে কিন্তু সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে আন্দোলনকারীরা। 

মোট ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়েছিল কিন্তু সরকার মাত্র তিনটি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে বলে অভিযোগ তুলেছে পড়ুয়ারা। তাই সোমবার, ১০ অগস্ট বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। রাঁচির আন্দোলন সোমবার ১৭তম দিনে পা দিল। JPSC ও JSSC-র চাকরিপ্রার্থীরা নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের অন্যতম প্রধান দাবি সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া এবং বিতর্কিত JSSC CGL পরীক্ষা বাতিল করা। কিন্তু হেমন্ত সোরেন সরকার এই দুটো দাবি এখনও মেনে নেয়নি। জানা যাচ্ছে, তাঁদের দাবি শুধুমাত্র কয়েকটি পরীক্ষা বাতিল করা নয়, তালিকায় আছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, পরীক্ষার অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কাঠামোগত সংস্কার। রবিবার সরকারের সঙ্গে আলোচনা হলেও কোনও সমাধান হয়নি। এরপরেই আন্দোলনকারীরা জানান সোমবারের বিধানসভা অভিযানের পরিকল্পনা বাতিল করা হবে না। ছাত্রনেতা সঞ্জয় মেহতা জানিয়েছেন, তিন দফা আলোচনার পরও তাঁদের সব দাবি মেনে নেওয়া হয়নি।

সূত্রের খবর, সোমবার পুরোনো বিধানসভা ভবন চত্বর থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল যাবে। সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন রাখার জন্য পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট করেই বলা হয়েছে, পুলিশের সঙ্গে সংঘাতে জড়ানো যাবেনা, যান চলাচলে সমস্যা তৈরি না করা এবং গুজব এড়িয়ে চলার কথাও বলা হয়েছে।