জম্মু ও কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। বুধবার ভূস্বর্গের মাটিতে দাঁড়িয়ে এই দাবিকেই মান্যতা দিলেন আমেরিকার রাষ্ট্রদূত সের্গিও গোর। এদিন তিনি প্রথমবার শ্রীনগর সফর করেন। আজ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎও করেন তিনি।
সের্গিও গোর বলেন, "এখানে এসে ভালো লাগছে। জম্মু ও কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি এখানে প্রথমবার এসেছি। জায়গাটি অত্যন্ত সুন্দর।" পাশাপাশি তিনি আশ্বাস দেন, জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা শিথিল করার বিষয়টি আমেরিকা পুনর্বিবেচনা করবে। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, "হোয়াইট হাউসের সুপারিশক্রমে যে ভ্রমণ সতর্কতা জারি হয়েছে, তা শিথিল করা উচিত কি না- আমরা বিষয়টি খতিয়ে দেখব। যেহেতু এলাকাটিকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখার ক্ষেত্রে অসাধারণ সব পদক্ষেপ নেওয়া হয়েছে।"
ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পরে এক্স হ্যান্ডেলে গোর জানান, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় কাশ্মীরকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। আমরা অর্থনৈতিক সহযোগিতা গভীর করার এবং এমন সব সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা করেছি, যা আমাদের উভয় দেশের জন্যই পারস্পরিকভাবে লাভজনক হবে।"
মার্কিন রাষ্ট্রদূতের সফরের আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি আবেদন করেন, আমেরিকা যেন কঠোর ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনা করে এবং তা প্রত্যাহার করে নেয়। তিনি উল্লেখ করেন, উপত্যকার হাজার হাজার পরিবার জীবিকার জন্য পর্যটনের ওপরেই নির্ভরশীল।
৫০ বছরেরও বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরের ক্ষতি করার চেষ্টা করছে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য অত্যন্ত ইতিবাচক।
















