স্ল্যাব ঢালাইয়ের সময় ভয়াবহ ধস, ধ্বংসস্তূপে আটকে আনুমানিক ১০ শ্রমিক। গুজরাটের গান্ধীনগরের কুদাসানে নির্মীয়মান একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য। বুধবার রাতে স্ল্যাব ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত স্ক্যাফোল্ডিং। সেই সঙ্গে দুই ইউনিটের মধ্যবর্তী একটি স্ল্যাবও ধসে পড়ে। দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন একাধিক শ্রমিক।পুলিশের রেঞ্জ ইন্সপেক্টর জেনারেল বীরেন্দ্র যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত ১২ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ১০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 রাত সাড়ে ৯টা নাগাদ ‘বস্কি দ্য এম্পায়ার’ নামে নির্মীয়মাণ ওই কমপ্লেক্সে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় গান্ধীনগর ফায়ার ব্রিগেডের একাধিক ইঞ্জিন এবং বিশেষ উদ্ধারকারী দল। উদ্ধারকাজে অ্যাম্বুল্যান্সও মোতায়েন করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে রাতভর কাজ চালান উদ্ধারকারীরা। ঠিক কী কারণে নির্মাণকাজ চলাকালীন এই ধস, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ প্রধানমন্ত্রীর খাস তালুকে।