কয়েক মাসের বিরতির পর কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধ। শনিবার কাশ্মীরের ( Kashmir) বাডগাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে লস্কর-ই-তইবার এক জঙ্গির ( Terrorist)। মৃত জঙ্গি ইয়াসির পাকিস্তানি গোষ্ঠী লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) শীর্ষ কম্যান্ডার।
 
শনিবার মধ্য কাশ্মীরের বাদগাম জেলার ইউসমার্গ এলাকার উঁচু পাহাড়ি এলাকায় ‘অপারেশন আশদর’ (Operation Ashdar) চালাচ্ছিল ভারতীয় সেনা। সেইখানে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। এই অভিযানে সঙ্গে ছিল বিশেষ বাহিনী এবং ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই সংঘর্ষেই ইয়াসির নিহত হয়।

নিরাপত্তা সংস্থাগুলির নজরে বেশ কিছুদিন ধরেই ছিলেন ইয়াসির। ইউসমার্গের পার্বত্য এলাকায় (The mountainous region of Usmarg) তাঁর গতিবিধি নজরে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের দাবি, এলাকায় লস্কর গুরুত্বপূর্ণ এক অপারেটিভ হিসেবে সক্রিয় ছিলেন। ইয়াসিরের মৃত্যুর পর তাঁর সঙ্গে কাদের যোগাযোগ ছিল তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। সেইসঙ্গে কাশ্মীরে সক্রিয় অন্য লস্কর জঙ্গিদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, সাম্প্রতিক কোনও নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল কি না সব দিক খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি। 

এই অভিযান সফল করতে পুরো এলাকা বর্তমানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুঞ্চ, রাজৌরি, বারামুল্লা, পুলওয়ামা ও সোপিয়ান সংযোগকারী পিরপঞ্জাল রেঞ্জের গভীর জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। বাকি জঙ্গিরা যাতে কোনও ভাবেই পালিয়ে যেতে না পারে, সেই দিকে নজর রাখছে ভারতীয় বাহিনী।