সাধের নতুন গাড়ি কিনেছেন, কিন্তু রাখবেন কোথায়? পার্কিংয়ের জায়গা না পেয়ে নয়, বরং চোরের ভয়ে রোজ আস্ত চারচাকা তুলে রাখা হচ্ছে তিনতলার ছাদে! এমনই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী রইল বিহারের গোপালগঞ্জ। সদ্য কেনা মাহিন্দ্র স্করপিও ক্লাসিক যাতে কোনওভাবেই হাতছাড়া না হয়, তার জন্য প্রতি রাতে ক্রেন ভাড়া করে গাড়িটি বাড়ির তিনতলার ছাদে ওঠানোর ব্যবস্থা করেছেন এক ব্যক্তি। সম্প্রতি এই অদ্ভুত ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।
গোপালগঞ্জের ওই বাসিন্দার যুক্তি, এলাকায় গাড়ি চুরির উপদ্রব এতই বেশি যে রাস্তায় বা বাড়ির সামনে গাড়ি রাখা একেবারেই নিরাপদ নয়। তাই কাজ সেরে বাড়ি ফিরলেই হাজির করা হচ্ছে সুবিশাল ক্রেন। দড়িদড়ায় বেঁধে সটান তা তুলে ফেলা হচ্ছে তিনতলার ছাদে। কিন্তু এই অদ্ভুত ‘নিরাপত্তা ব্যবস্থা’ ঘিরেই এবার রাজ্যজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধীদের তোপের মুখে পড়েছে নীতীশ কুমার ও বিজেপির জোট সরকার। সামাজিক মাধ্যমে অনেকেই কটাক্ষ ছুড়ে দিয়ে বলছেন, সুশাসনের দাবি করা রাজ্যে আইনশৃঙ্খলার দশা ঠিক কতটা করুণ হলে একজন নাগরিককে নিজের গাড়ি বাঁচাতে এমন চরম পন্থা বেছে নিতে হয়! গাড়ি চোরদের দৌরাত্ম্য রুখতে পুলিশ-প্রশাসন যে সম্পূর্ণ ব্যর্থ, এই ছবি তারই প্রমাণ বলে দাবি করছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের একাংশ।
তবে শুধু আইনশৃঙ্খলা নয়, এই ঘটনায় বড়সড় বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাধারণ একটি বাড়ির ছাদ বা কাঠামোর পক্ষে একটি পূর্ণাঙ্গ এসইউভি-র বিপুল ভার রোজ বহন করার ক্ষমতা আদৌ রয়েছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যথাযথ পরিকাঠামো বা প্রযুক্তিগত সুরক্ষা ছাড়া এভাবে ছাদে গাড়ি তুলে রাখলে যে কোনও মুহূর্তে গোটা বাড়িটি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। কিন্তু নিরাপত্তার সেই যুক্তি উড়িয়ে আপাতত ক্রেনে চড়ে তিনতলার ছাদে গাড়ি ওঠানোর এই আশ্চর্য দৃশ্যই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।
















