৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষা বাতিলের দাবি পাটনায় প্রবল ছাত্র বিক্ষোভ। পরীক্ষা বাতিলের দাবি নিয়ে মঙ্গলবার পাটনার গান্ধী ময়দান থেকে রাজভবনের দিকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর (Samrat Chowdhury) বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান ছাত্ররা। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভের মধ্যেই, শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার সমাধানের লক্ষ্যে মঙ্গলবার থেকে মাসিক 'শিক্ষার্থী সহযোগিতা শিবির' (Vidyarthi Sahyog Shivir) চালুর ঘোষণা করে বিহার সরকার (Bihar Government)।
প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় (Examination) অনিয়ম ও নিয়োগ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন পড়ুয়ারা। সেই দাবি নিয়েই এদিন সকাল ১০টার পাটনার (Patna) গান্ধী ময়দান থেকে মিছিলটি শুরু হয়। পড়ুয়রা স্লোগান দিতে দিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যান। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা। পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও জলকামান ব্যবহার করে। এর মধ্যেও মিছিল এগিয়ে নিয়ে যান বিক্ষোভকারীরা।
বিহার সরকারের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচনার পরেই বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করা হয়। ছাত্রনেতা সৌরভ কুমার জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে, তবে তিনি এ-ও জোর দিয়ে বলেছেন যে একক পরীক্ষা আয়োজনের দাবিসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এদিন বিক্ষোভ চলাকালীন এক ছাত্রনেতা বলেন, "আমরা বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। কারণ সরকার বারবারই আমাদের নীচুস্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনার টেবিলে পাঠায় এবং এরপরই বিষয়টি ধামাচাপা পড়ে যায়। যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া হয় এবং এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়, তবে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করতে প্রস্তুত।" তাঁর কথায়, "আমাদের প্রথম দাবি হল সম্রাট চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া। দ্বিতীয় বিকল্প হিসেবে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই। এর বাইরে অন্য কারও সঙ্গে আমরা দেখা করব না।"
বিক্ষোভের মধ্যেই, শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার সমাধানের লক্ষ্যে বিহার সরকার মঙ্গলবার থেকে মাসিক 'শিক্ষার্থী সহযোগিতা শিবির' (Vidyarthi Sahyog Shivir) চালুর ঘোষণা করে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই শিবিরগুলির আয়োজন করা হবে। এতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সরাসরি তাদের সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরতে পারবে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী জানান, "শিক্ষার্থীদের অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে বিহার সরকার আজ থেকে 'শিক্ষার্থী সহযোগিতা শিবির' (Vidyarthi Sahyog Shivir) চালু করছে।" একটি বিশেষ পোর্টাল এবং হেল্পলাইন নম্বর ১১০০-এর মাধ্যমে অনলাইনে অভিযোগ জানাতে এবং তাদের অভিযোগের বর্তমান অবস্থা (স্ট্যাটাস) সম্পর্কে খোঁজখবর নিতে পারবে।
















