ল্যান্ডিংয়ের পর পার্কিং বে-তে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে ইন্ডিগোর ( Indigo) বিমান। শুক্রবার শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বই থেকে আসা ইন্ডিগোর ৬ই ২২৫ (6E 225) উড়ানটি পার্কিংয়ের সময় ‘ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম’ (VDGS)-এর একটি ধাতব পোলে ধাক্কা মারে। ধাক্কার জেরে বিমানের নোজ সেকশন বা সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনায় বিমানে থাকা কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।

ইন্ডিগোর ( Indigo) তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯টা ২ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। নবি মুম্বই থেকে আসা বিমানটি শ্রীনগর বিমানবন্দরে (Srinagar International Airport) নিরাপদেই অবতরণ করেছিল। এরপর পার্কিং বে-র দিকে যাওয়ার সময় কোনও কারণে নির্দিষ্ট জায়গায় থামতে না পেরে ভিডিজিএস-(VDGS)এর ধাতব পোলে ধাক্কা লাগে। তীব্র ধাক্কায় পোলটি একদিকে হেলে পড়ে এবং বিমানের ককপিটের সামনের অংশে ক্ষতি হয়।

ঘটনার পর বিমানকর্মীদের তত্ত্বাবধানে ম্যানুয়াল সিঁড়ির সাহায্যে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। সকলেই নিরাপদে রয়েছেন। ক্ষয়ক্ষতির কারণে বিমানটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কী কারণে বিমানটি নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোটা ঘটনা খতিয়ে দেখবে। তদন্ত শেষ হলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে বিমান সংস্থা। এই মুহূর্তে কোনও নির্দিষ্ট কারণকে চূড়ান্ত বলে ধরা হচ্ছে না।

ঘটনার প্রভাব অবশ্য শ্রীনগর বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় পড়েনি। বিমান ওঠানামা নির্ধারিত সূচি মেনেই চলছে বলে সূত্রের খবর। এর আগে বৃহস্পতিবারও ইন্ডিগোর একটি বিমানে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল। দোহা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ৬ই ১৩০২ উড়ানের পাইলট আচমকা অসুস্থ হয়ে পড়ায় বিমানটিকে সতর্কতামূলকভাবে মাসকটে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে বিমানটির জরুরি অবতরণ করানো হয়েছিল।