ইরান যুদ্ধের আবহেই ইউক্রেনের ওডেশা বন্দরে এক বাণিজ্যিক জাহাজে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র। ভয়াবহ এই হামলায় চার ভারতীয় নাবিক সহ মোট দশ জনের মৃত্যু হয়েছে। কিয়েভের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে রাশিয়া। যদিও মস্কো এ নিয়ে মুখ খোলেনি। অন্যদিকে, এই ঘটনার কড়া নিন্দা করে সরব হয়েছে নয়াদিল্লি। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওডেশা বন্দর থেকে গিনি-বিসাউয়ের পতাকাবাহী ভুট্টা বোঝাই একটি জাহাজ রওনা দেওয়ার কিছু পরেই তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় জাহাজটিতে। ইউক্রেনীয় সেনা রাতভর তল্লাশি চালিয়ে ১৭ জনকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি এক পাইলট ও নয় জাহাজকর্মীকে। মৃতদের মধ্যেই চার জন ভারতীয়। আরও এক ভারতীয় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

এই হামলার তীব্র নিন্দা করে সোমবার ভারতের বিদেশ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজকে নিশানা করে নিরীহ নাবিকদের হত্যা করা অত্যন্ত নিন্দনীয়। নৌ-চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত। ইউক্রেনের ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তার চেষ্টা চালাচ্ছে।