৮৭ ঘন্টা পার, এখনও নিখোঁজ দুই শ্রমিক! উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে ও জল ঢুকে ভয়াবহ দুর্ঘটনায় এখনও নিখোঁজ ২ শ্রমিক। ১৩ অগাস্ট হওয়া দুর্ঘটনায় ইতিমধ্যেই ৮ জন শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছে প্রশাসন। দুর্ঘটনার পরে চারদিন কেটে গেলেও এখনও দুই শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের সন্ধানে অব্যাহত উদ্ধার কাজ। উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পে উদ্ধারকাজ চতুর্থ দিনে পা দিলেও এখনও দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঝাড়খণ্ডের লুকাস টপনো এবং ছত্তিশগড়ের চেতন পোয়াম নামে দুজন নিখোঁজ বলে জানা যাচ্ছে। ভূমিধসের ফলে সুড়ঙ্গের ভেতর বিপুল পরিমাণ কাদা, ধ্বংসস্তূপ ও জল ঢুকে পড়ায় সেখানে আটকা পড়া ২২ জন শ্রমিককে উদ্ধারে রীতিমত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে উদ্ধারকারীদের।
গত ১৩ আগস্ট দুর্ঘটনার পর থেকেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF), ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP), পুলিশ এবং অন্যান্য সংস্থার দলগুলো নিখোঁজ কর্মীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই দুর্ঘটনায় আটজন নিহত হন এবং দুজন কর্মী এখনও নিখোঁজ। এছাড়া আহত আরও বারোজন কর্মীকে সুড়ঙ্গ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুড়ঙ্গটি এখনও জলমগ্ন হয়ে আছে; জলের স্তর কমিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢোকার জন্য পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছে। পাশাপাশি, সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা যন্ত্রপাতি ও অন্যান্য ভারী জিনিস সরানোর কাজও চলছে। ধ্বংসস্তূপ সরানোর কাজে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করা হচ্ছে। চামোলির জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
















