পড়শি রাজ্যগুলির সঙ্গে বাংলার রেল ( Indian Railway) যোগাযোগ আরও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। যাত্রী ও পণ্য পরিবহণে গতি বাড়াতে ১০ হাজার ৭৮৩ কোটি টাকার তিনটি মাল্টি-ট্র্যাকিং রেল প্রকল্পে অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি (CCEA)। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়  এই পাঁচ রাজ্যের জন্য মোট ৬৫৬ কিলোমিটার নতুন রেললাইন বা অতিরিক্ত ট্র্যাক তৈরি হবে।

আরও পড়ুন: আসল লক্ষ্য যাদবপুর? বিশ্ববিদ্যালয়ে বদলির নয়া নিয়ম পাশ করাতে বৃহস্পতিবার বিধানসভায় বিশেষ অধিবেশন

বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলিতে ছাড়পত্র দেওয়া হয়। রেল মন্ত্রক তরফে জানান হয়েছে, পাঁচ রাজ্যের মোট ১৪টি জেলা এই পরিকাঠামো উন্নয়নের আওতায় আসবে। এর ফলে বর্তমান রেল নেটওয়ার্কের উপর চাপ কমার পাশাপাশি যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের সক্ষমতা বাড়বে। প্রকল্পের আওতায় খড়গপুর থেকে ঝাড়সুগুড়া (বাগডিহি) পর্যন্ত এবং কাটনি থেকে পেন্দ্রা রোড পর্যন্ত চতুর্থ লাইন নির্মাণ করা হবে। পাশাপাশি বিলাসপুর (উসলাপুর) থেকে পেন্দ্রা রোড পর্যন্ত তৃতীয় লাইন তৈরির পরিকল্পনাও রয়েছে। কেন্দ্রের লক্ষ্য, ২০২৯-৩০ সালের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা।

নতুন রেলপথ তৈরি হলে শুধু শিল্প ও বাণিজ্যিক পণ্য পরিবহণই নয়, পর্যটন ক্ষেত্রেও যোগাযোগ ব্যবস্থার   আগামীদিনে আরও উন্নত হবে । বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প, অমরকণ্টক, অচানকমার ব্যাঘ্র প্রকল্প এবং রতনপুরের মহামায়া মন্দিরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় গন্তব্যে যাতায়াত আরও সহজ হতে পারে। এই রেলপথগুলির উপর দিয়ে বর্তমানে বিপুল পরিমাণে কয়লা, সিমেন্ট, লোহা ও ইস্পাতের মতো শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পরিবহণ করা হয়। অতিরিক্ত ট্র্যাক চালু হলে পণ্য পরিবহণের পরিমাণও উল্লেখযোগ্য ভাবে বাড়বে। 
রেল মন্ত্রকের হিসাব অনুযায়ী, নতুন পরিকাঠামোর মাধ্যমে বছরে প্রায় ২৭ মিলিয়ন টন অতিরিক্ত পণ্য পরিবহণের সুযোগ তৈরি হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পের সুফল পৌঁছবে বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে। প্রায় ৪,৭৯০টি গ্রাম প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উপকৃত হবে। সব মিলিয়ে প্রায় ৫৬ লক্ষ মানুষ উন্নত রেল যোগাযোগের সুবিধা পাবেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।