ডিম আক্রমণের ঘটনার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কৃষ্ণনগরের ত্ণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তাঁকে কটাক্ষ করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এই মামলা খারিজ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
একটি আপত্তিকর ফেসবুক পোস্ট নিয়ে পুলিশের তরফে তলব করা হয়েছিল মহুয়াকে। সেই মামলায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। মহুয়ার আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেন, “হাজিরার সময় এর আগে মহুয়াকে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তাঁর উদ্দেশ্যে ডিমও ছোড়া হয়েছিল”। জেরার জন্য ভার্চুয়ালি হাজিরার অনুমতির আবেদন করেছিলেন মহুয়া। তার আইনজীবী সেই আর্জি জানাতেই বিচারপতি দত্ত বলেন, “শুধুমাত্র আপনি সাংসদ বলে?”
এর জবাবেই বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন যে সাংসদদের ডিমকে ভয় পাওয়া উচিত নয়। বিচারপতি বলেন, “রাজনীতিতে শপথ নিয়েছেন, ডিমকে ভয় পাচ্ছেন কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। সেখানে ডিমের ভয়ে এরকম আবেদন নিয়ে শীর্ষ আদালতে আসাই উচিত নয়।”
ধর্মীয় অবমাননার মামলায় সশরীরেই থানায় হাজিরা দিতে হবে মহুয়া মৈত্রকে। তাঁর ভার্চুয়াল হাজিরার আবেদনে শুক্রবার কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট। শেষে আবেদন তুলে নিতে হয়েছে মহুয়ার আইনজীবীকে।
গত ২১ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত পুলিশি কড়া পদক্ষেপ বা গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিলেন। তবে একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছিল যে, তদন্তের স্বার্থে মহুয়াকে তদন্তকারী আধিকারিকের সামনে সশরীরে উপস্থিত হয়ে পূর্ণ সহযোগিতা করতে হবে। হাইকোর্টের সেই হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তবে সুপ্রিম কোর্ট আবেদন গ্রহণে অনিচ্ছা প্রকাশ করায় অবশেষে আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী ১ অক্টোবর।
















