নিট প্রশ্নফাঁস কাণ্ড ঘিরে আন্দোলনকারীদের প্রবল দাবির মুখে পড়ে শনিবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ যোশীকে দিল কেন্দ্রীয় সরকার৷ প্রহ্লাদ যোশী বর্তমানে ক্রেতা সুরক্ষা ও খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের দায়িত্ব রয়েছেন৷
রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রহ্লাদ জোশী বর্তমানে ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। নিজের বর্তমান মন্ত্রকের পাশাপাশি তিনি আপাতত শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। নিট পরীক্ষা ঘিরে দেশজুড়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মূল অন্যতম দাবিই ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করার পর শিক্ষা দফতরের ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অলিন্দে জোর চর্চা শুরু হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রহ্লাদ জোশীর উপরই ভরসা রাখল মোদি সরকার। কর্নাটকের চারবারের সাংসদ প্রহ্লাদ জোশী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ঘনিষ্ঠ এবং কেন্দ্রীয় বিজেপির দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিজেপির কর্নাটক রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন।
















