পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জানাল, এসআইআর-এ নাম না থাকা মানে নাগরিকত্ব খারিজ নয়। একইসঙ্গে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা নয় বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

পশ্চিমবঙ্গে এসআইআরে নাম বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের। তবে তাঁদের বেশিরভাগেরই দাবি, দীর্ঘদিন ধরে এরাজ্যে থাকছেন তাঁরা। রয়েছে বৈধ নথিও। ফলত এসআইআরে নাম বাদ পড়ায় তাঁদের দেশছাড়ার আতঙ্ক মনে আসে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়। যাদের নাম এসআইআরের প্রাথমিক পর্বে বাদ গিয়েছে, তাঁরা নতুন করে নাম তোলার আবেদন করতে পারেন এই ট্রাইব্যুনালে। নথি সব ঠিক থাকলে তাঁদের নাম ফের জুড়ে যাবে তালিকায়। এদিন ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্তি এবং আবেদন নিষ্পত্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট।

মঙ্গলবারের শুনানিতে আদালত নির্বাচন কমিশনের কাছে ট্রাইব্যুনালে জমা পড়া মামলার বিস্তারিত হিসাব চেয়েছে। কত আবেদন এখনও বিচারাধীন, কতগুলির নিষ্পত্তি হয়েছে এবং কতজনের নাম নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছে-সব তথ্য হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে কমিশনকে।

এদিকে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে আবেদনকারীর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন জানান, রাজ্যের তরফে মোট ৩৮ লক্ষ আপিলের মধ্যে প্রায় ৩১ লক্ষ আপিলই ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে বা বাদ দেওয়ার দাবিতে দায়ের করা হয়েছে। অন্যদিকে, তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর পুনর্বহালের জন্য মাত্র ৭ লক্ষ ভোটার আবেদন জানিয়েছেন। এর মধ্যে ৮২ হাজার আবেদনের নিষ্পত্তি হয়েছে। আর ৮২ হাজারের মধ্যে ৭৫ হাজারের নাম নতুন করে তোলা হয়েছে ভোটার তালিকায়।