দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছিলেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। কারাদণ্ডের সাজার মাঝেই এই নিয়ে ১৭তম বার প্যারোলে মুক্তি পেলেন তিনি। রোহতকের সুনারিয়া জেলে বন্দি রাম রহিম প্যারোলে ছাড়া পেয়ে মঙ্গলবার সিরসায় যাবেন বলে জানা গিয়েছে। এদিন রাম রহিম ভোর ৬.০৫ নাগাদ একটি কনভয় নিয়ে কারাগার থেকে বেরিয়ে সিরসার ডেরা সাচা সওদা আশ্রমের উদ্দেশ্যে রওনা হন। এর আগে গত ২৬ মে তাঁকে ৪০ দিনের 'ফার্লো' মঞ্জুর করা হয়েছিল; তার প্রায় তিন মাস পর তিনি আবারও মুক্তি পেলেন।
ডেরা প্রধানের সাম্প্রতিক ‘ফার্লো’ বা সাময়িক মুক্তির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বারবার এই ধরনের মুক্তির ফলে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। বিষয়টি অন্যদের কাছে প্রহসনের মতো মনে হচ্ছে নিঃসন্দেহে। যৌন নিগ্রহের মতো গুরুতর অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের প্যারোল বা সাময়িক মুক্তি দেওয়ার বিষয়টি প্রতিহত করা উচিত বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই ধরনের সিদ্ধান্ত ‘ভোট-ব্যাংক’ বা ভোট-রাজনীতির স্বার্থসংশ্লিষ্ট বলেই মনে করছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে রাম রহিম দোষী সাব্যস্ত হন। ধর্ষণ মামলায় তাঁকে ১০ বছরের দুটি পৃথক মেয়াদে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিনি সেই সাজা ভোগ করছেন। এছাড়া সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। ২০২০ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত এটা তাঁর ১৭তম ফার্লো। এর আগে ২০২০ সালের অক্টোবরে একদিনের ফার্লো এবং এরপর ২০২১ সালের মে মাসে আরও একদিনের মুক্তি পেয়েছিলেন। এছাড়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে ২১ দিনের এবং ওই বছরের জুন মাসে ৩০ দিনের ফার্লো দেওয়া হয়েছিল। তার মুক্তির তালিকায় রয়েছে—২০২৪ সালের জানুয়ারিতে ৫০ দিন, ২০২৪ সালের অক্টোবরে ২০ দিন, ২০২৫ সালের জানুয়ারিতে ৩০ দিন, ২০২৫ সালের এপ্রিলে ২১ দিন, ২০২৫ সালের আগস্টে ৪০ দিন, ২০২৬ সালের জানুয়ারিতে আরও ৪০ দিন এবং ২০২৬ সালের মে মাসে ৩০ দিনের ছুটি। এবারের ২১ দিনের এই ফার্লো-সহ, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত রাম রহিমকে মোট ১৭ বার প্যারোল বা ফার্লো দেওয়া হয়েছে।
















