পান মশলা বিক্রির ক্ষেত্রে আরও কিছুটা বিধি নিষেধ আনল কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্লাস্টিকের মধ্যে পান মশলা বিক্রি করা যাবে না। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআইয়ের পক্ষ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে প্লাস্টিকের প্যাকেট বা অ্যালুমিনিয়াম ফয়েলও কোনওভাবেই পান মশলা বিক্রি করা যাবে না। পলিয়েস্টার, পলিপ্রপিলিন, পলিথাইলিন, পলিভিনাইল ক্লোরাইডের মতো বস্তুও ব্যবহার করা যাবে না। পরিবর্তে টিন বা কাঁচের কৌটায় তা বিক্রি করতে হবে।
FSSAI-এর নতুন নির্দেশ অনুযায়ী, পান মশলা প্যাকেজিংয়ের জন্য কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ অথবা প্রাকৃতিক উৎস থেকে তৈরি অন্য কোনও উপাদান ব্যবহার করা যেতে পারে। তবে এই উপাদানগুলি সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি হতে হবে। এখানেই শেষ নয় নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুধু বাইরের প্লাস্টিকের কোটিং নয়, কাগজের প্যাকেজিংয়ের ভিতরে থাকা প্লাস্টিকের স্তরও নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ বাইরে কাগজের মোড়ক থাকলেও ভিতরে প্লাস্টিক বা মেটালাইজড স্তর থাকলে সেই প্যাকেজিং নতুন নিয়ম মেনে অবৈধ বলে গণ্য হবে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, এখনই পান মশাল নিষিদ্ধ করা হচ্ছে না। শুধু মাত্র বিক্রি ও প্যাকেটজাত করার ক্ষেত্রে নয়া বিধি নিষেধ কার্যকর করা হবে।
জনস্বাস্থ্যের সুরক্ষায় পান মশাল নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। রাজ্যজুড়ে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা, পান মশলা এবং সংশ্লিষ্ট অন্যান্য তামাকজাত পণ্যের তৈরি, মজুত, পরিবহণ, বিতরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করল কর্ণাটক সরকার। আগামী এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
















