নিট-ইউজি (NEET UG) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিরোধীদের আপত্তি সত্ত্বেও ধ্বনিভোটে প্রশ্নফাঁস রোধে বিল পাস। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত সংসদ। বিরোধীরা একের পর এক ইস্যুতে কেন্দ্রকে চাপে রাখার চেষ্টা করছে। দেশের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার স্বচ্ছতা এবং আন্দোলনকারীদের উপর পদক্ষেপ নিয়ে যখন জাতীয় রাজনীতি তুঙ্গে, তখনই সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে উঠে এলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh)।

সংসদের মধ্যাহ্নভোজের বিরতিতে সংসদ চত্বরে বৃষ্টির মধ্যে একটি রিল তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। জনপ্রিয় গানের সঙ্গে সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কিন্তু ভিডিওর জনপ্রিয়তার থেকেও বেশি চর্চায় উঠে আসে সময় নির্বাচন। বহু নেটিজেনের প্রশ্ন, দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদ উত্তপ্ত থাকার সময়ে একজন সাংসদের প্রধান দায়িত্ব কি রিল তৈরি, নাকি মানুষের সমস্যা সংসদে তুলে ধরা?

অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসা সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। প্রথম নির্বাচনে পরাজিত হলেও পরে তাঁকে রাজ্যে যুব সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান এবং পরবর্তীতে যাদবপুর থেকে জয়ী হয়ে লোকসভায় নির্বাচিত হন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি এনসিপিআই-তে (NCPI) যোগ দিয়েছেন। সেই কারণেই সংসদের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে তাঁর এই রিলকে ঘিরে রাজনৈতিক মহল ও সমাজমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একাংশের দাবি, যে সময়ে সংসদে জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে, সেই সময় একজন জনপ্রতিনিধির অগ্রাধিকার কী হওয়া উচিত, সেই প্রশ্নই এই ঘটনাকে ঘিরে সামনে এসেছে।