যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভে ছররা বন্দুক ব্যবহারের নির্দেশ ও নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে তরজার শেষ নেই। এবার সমস্ত ঘটনার সম্পূর্ণ দায় নিলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং। সোমবার সিআরপিএফ-এর একটি অনুষ্ঠানে ডিজি স্পষ্ট ভাষায় জানান, দায়িত্ব পালনের সময় বাহিনীর প্রতিটি পদক্ষেপের দায় তাঁর। বাহিনীর জওয়ানদের নির্ভীকভাবে ও দ্বিধাহীনচিত্তে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ডিজি জানিয়েছেন, "দায় নেওয়ার প্রয়োজন হলে ডিজি হিসেবে আমিই নেব।"

ঘটনার সূত্রপাত ২০ জুলাই। ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি হিংসার অভিযোগ ওঠে। দাবি করা হয়, ওই দিন র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর সদস্যদের হাতে ছররা বন্দুক তুলে দেওয়া হয়। যার জেরে এক সাংবাদিক সহ মোট পাঁচজন আহত হন।

এই ঘটনার নির্দেশ কার কাছ থেকে এসেছে, তা নিয়ে দিল্লি পুলিশ ও সিআরপিএফের মধ্যে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। এদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করে বলেছেন, গুলিচালনার নির্দেশ শাহের জানা থাকলে তার দায় তাঁকেই নিতে হবে, আর না জানা থাকলে তা তাঁর প্রশাসনিক ব্যর্থতা। ঠিক এই প্রেক্ষাপটেই সিআরপিএফ ডিজি নিজেই সব দায় নেবেন বলে জানিয়েছেন।