বিজেপির ভারতে এ কী অবস্থা! ৮০ লক্ষ প্রবীণ নাগরিকের অ্যাকাউন্টেই ঢুকল না পেনশন। মাস শেষের আগেই পরের মাসের পেনশন পেয়ে যান 'এমপ্লয়িজ পেনশন স্কিম'-এর আওতায় থাকা প্রবীণরা। অর্থাৎ অগাস্ট মাসের পেনশন ঢুকে যাওয়ার কথা ছিল ৩১ জুলাইয়ের মধ্যে, কিন্তু এইবার তা হয়নি। শুধু পেনশন নয়, পিএফ গ্রাহকরা গত একমাস ধরেই নাজেহাল হচ্ছেন।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও কর্তাদের দাবি, ৩ অগাস্ট, সোমবার তাঁদের অ্যাকাউন্টে পেনশন ঢুকতে পারে। প্রযুক্তিগত সমস্যার কারণেই এই বিলম্ব। তবে শুধু পেনশন নয়, পিএফ গ্রাহকরা গত একমাস ধরেই নাজেহাল হচ্ছেন। যাঁরা অগ্রিম টাকা তোলার জন্য আবেদনের চেষ্টা করেছেন, তাঁদের আবেদন গৃহীত হয়নি অথবা গৃহীত হলেও টাকা মেলেনি।
পিএফ সংক্রান্ত যাবতীয় পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে প্রযুক্তিগত খোলনলচে বদলানোর উদ্যোগ নেয় ইপিএফও। গত এক বছর ধরে সেই কাজ চলেছে। তখনও পিএফ সংক্রান্ত পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছিলেন গ্রাহকরা। গত জুন মাসের শেষ চারদিন পরিষেবা একেবারে স্তব্ধ করে দেয় ইপিএফও। তাঁরা জানায়, প্রযুক্তিগত পরিবর্তনের কারণে পোর্টাল বন্ধ রাখতে হয়েছে। এরপর নতুন প্রযুক্তিতে পরিষেবা দেওয়া শুরু হলেও প্রাথমিকভাবে কিছু সমস্যা দেখা যাচ্ছে। ফলে বেশ কিছুদিন ধীরগতিতে মিলবে পরিষেবা।
এক মাস কাটলেও গ্রাহকদের বড় অংশের কাছে এসব সুবিধা অধরা বলে অভিযোগ। অনলাইনে ক্লেম করার পর এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে, অ্যাকাউন্টে টাকা ঢোকেনি-এমন অনেক উদাহরণ সামনে আসছে। এবার হয়রানির তালিকায় যুক্ত হলেন পেনশন প্রাপকরাও!
















