সম্প্রতি মাঝ আকাশে এক ধাক্কায় ৩০০ ফুট নীচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিল পাইলট! ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটে দুর্ঘটনাটি। ওই বিমানে ছিলেন ১৩৭ জন যাত্রী। আচমকা ঝাঁকুনিতে যাত্রী ও বিমানকর্মীরা আহত হন। ক্ষতিগ্রস্ত হয় বিমানও। তবে সেই ঝাঁকুনি থামান না গেলে মাটিতে আছড়ে পড়ে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা ছিল। সূত্রের খবর, ডোপ টেস্টের রিপোর্ট সামনে আসার পর দুই পাইলটকেই রস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে ডিজিসিএ। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ হবে।

তবে পাইলটের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি এয়ার ইন্ডিয়া। সংস্থার দাবি, নিয়ম মেনেই উড়ানের পর পাইলটদের স্ক্রিনিং হয়েছিল। কিন্তু পরীক্ষার ফল এখনও তাঁদের হাতে আসেনি। বিমান সংস্থার এক মুখপাত্র বলেন, "নিয়ম অনুযায়ী উড়ানের পর পাইলটদের স্ক্রিনিং হয়েছিল। তবে তার ফলাফল এয়ার ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করব না।"