নিট (NEET) আন্দোলনের রেশ কাটার আগেই ফের রাজধানী উত্তাল হওয়া সম্ভাবনা। এবার নতুন ইস্যু নিয়ে বিক্ষোভ হতে পারে দিল্লির (Delhi) যন্তর মন্তরে। আগামী ৫ অগাস্ট ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে EPS-95 ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি। তারই অঙ্গ হিসেবে যন্তর মন্তরে (Jantar Mantar) উপস্থিত হবেন পেনশনভোগীরা।
কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যূনতম পেনশন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (EPF) ১০০০ টাকা হয়ে রয়েছে। অথচ যত সময় যাচ্ছে সব জিনিসের দাম বাড়ছে। তাহলে পেনশনের বেলায় কোন পদক্ষেপ কেন করা হচ্ছে না? এই নিয়ে বহুবার সরকারের কাছে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণে পেনশন প্রাপকরা এবার আন্দোলনের পথে হাঁটতে চাইছেন।তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করা করতে হবে। কমিটির ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাউত বলেন ''এই বাজারে মাত্র ১১৭১ টাকা গড়ে পেনশন পান পেনশনার্সরা। আজকের মূল্যবৃদ্ধির সময়ে মাত্র এই টাকা মাসিক পেনশন দিয়ে প্রবীণ নাগরিকদের সংসার চলে না। এই লোকগুলি সারা জীবন দেশের আর্থিক উন্নয়নে অবদান রেখেছে। তাই অবশ্যই এদের অবসরের পর তাই মাথা উচু করে বেঁচে থাকার অধিকার রয়েছে।''পাশাপাশি পেনশনারদের ডিএ ছাড়াও পেনশন হোল্ডার ও তাঁর স্ত্রীয়ের জন্য বিনামূল্যে মেডিক্যাল কেয়ারের দাবিও জানানো হয়েছে।
ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন এবং জেন জি-র (Gen Z) বিক্ষোভে যেভাবে পুলিশি লাঠিচার্জের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর যন্তরমন্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাই সেক্ষেত্রে আগামী বুধবার অর্থাৎ ৫ অগাস্ট পেনশন প্রাপকদের যন্তর মন্তরে কর্মসূচি কতটা সফল হয় বা আদৌ সেখানে আন্দোলন করা সম্ভব হবে কিনা এখন সেটাই দেখার।
















