বিচারপ্রক্রিয়ার অডিও ও ভিডিওর অপব্যবহার রুখতে নতুন নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া কোনও শুনানির অডিও বা ভিডিও (Audio or video) সামাজিক মাধ্যম কিংবা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে (Digital platform) প্রকাশ করা যাবে না। প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant) ও বিচারপতি জয়মাল্য বাগচির (Justice Joymalya Bagchi) বেঞ্চ জানিয়েছে, আদালত কোনও বিনোদনের মঞ্চ নয়। তাই শুনানির দৃশ্য বা বক্তব্যকে প্রচারের উপাদান হিসেবে ব্যবহার করা চলবে না। 

এক সাংবাদিকের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলায় অভিযোগ করা হয়, আদালতের শুনানির অংশবিশেষ কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আদালতের মর্যাদাও ক্ষুণ্ণ হচ্ছে। সেই কারণেই সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল বা সংশ্লিষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পূর্বানুমতি ছাড়া এ ধরনের কোনও অডিও বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। তবে সংবাদমাধ্যমের স্বাভাবিক সংবাদ পরিবেশন এই নির্দেশের আওতায় পড়বে না।

শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta) আদালতকে জানান, বিভিন্ন সামাজিক মাধ্যমে আদালতের শুনানির ভিডিও এবং আইনজীবীদের সওয়াল জবাব অবাধে ছড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, একবার এই প্রবণতা শুরু হয়ে গেলে তা নিয়ন্ত্রণ করা কঠিন। ভার্চুয়াল শুনানির লিঙ্কও নির্বিচারে ছড়িয়ে পড়ছে বলে আদালতের নজরে এসেছে। এমনকি এই নিষেধাজ্ঞা ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে সংবাদমাধ্যম এই নিষেধাজ্ঞার বাইরে। 

এই পরিস্থিতিতে মেটা, এক্সসহ একাধিক সামাজিক মাধ্যম সংস্থাকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি তার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে।