১২ আগস্ট ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে পুরীর জগন্নাথ মন্দির। কোনও ভক্তই এই সময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। কিন্তু কেন? ভক্তদের মনে প্রশ্ন উঠছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার শ্রাবণ কৃষ্ণ অমাবস্যা তিথিতে দেবতাদের বিশেষ 'চিতালগী অমবস্যা' পালিত হবে। যে কারণে মন্দির বন্ধ থাকবে বলে জানিয়েছেন তাঁরা। মন্দির প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ভোগমণ্ডপে ভোগ নিবেদন সম্পন্ন হওয়ার পর দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর ফের ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হবে।
'চিতালগী অমবস্যা' উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বিশেষভাবে সাজানো হয়। এই দিন তিন বিগ্রহের কপালে সোনার গয়না পরানো হয়। স্নানযাত্রা ও পরবর্তী রথযাত্রার আগে গয়নাগুলি বিগ্রহ থেকে খুলে রাখা হয়েছিল। চিতালগী নীতির মাধ্যমে বিশেষ আচার মেনে ফের এই গয়নাগুলি পরিয়ে দেওয়া হয়।
ওড়িশার গ্রামীণ জীবন ও কৃষিকার্যের সঙ্গেও গভীর যোগ রয়েছে চিতালগী অমবস্যার। শ্রাবণ মাসের অমাবস্যায় ওই রাজ্যে এই দিনটি কৃষিভিত্তিক উৎসব হিসেবেও পালিত হয়। এদিন বাড়িতে বিশেষ ধরনের চালের পিঠে তৈরি করার নিয়ম রয়েছে।
















