সোমবার সকাল থেকেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশের রাজধানী। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দিল্লির বিস্তীর্ণ অংশে জল জমে গিয়েছে। তার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। জল জমে বিমান চলাচল ব্যাহত হওয়ায় দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১৫টি বিমান। পরিস্থিতি সামাল দিতে ১২টি উড়ানকে জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি বিমানকে লখনউয়ে নামানো হয়।

রানওয়ের পরিস্থিতির জেরে শুধু বিমান ঘুরিয়ে দেওয়াই নয়, ব্যাহত হয় নির্ধারিত উড়ান পরিষেবাও। ২৫০টির বেশি বিমান সময়মতো দিল্লি বিমানবন্দরে নামতে পারেনি। একাধিক উড়ান ছাড়তেও দেরি হয়। ফলে বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। আকাশপথের পাশাপাশি বৃষ্টির ধাক্কা পড়ে দিল্লির সড়ক যোগাযোগেও। সঙ্গম বিহারের কাছে এমবি রোডে জল জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সাকেত কোর্টের আশপাশেও গাড়ির গতি ছিল অত্যন্ত ধীর। বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তাতেও তৈরি হয় যানজট।

রবিবারের ভ্যাপসা গরমের পর সোমবার ভোর থেকেই বদলে যায় রাজধানীর আবহাওয়া। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বেলা সাড়ে ১১টার মধ্যে দিল্লির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। ছতরপুরে বৃষ্টির পরিমাণ ছিল সর্বাধিক। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

রাজধানীর পাশাপাশি বৃষ্টির প্রভাব পড়তে পারে সংলগ্ন এলাকাতেও। গুরুগ্রাম এবং ফরিদাবাদে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ফলে আগামী কয়েক ঘণ্টায় জল জমা ও যানজটের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। একসঙ্গে বিমান পরিষেবা ও সড়ক যোগাযোগে ধাক্কা লাগায় সোমবার কার্যত দুর্যোগের চেহারা নিয়েছে দিল্লির জনজীবন।