অযোধ্যা রাম মন্দিরে অনুদান চুরির(Ram Temple Donation Theft) ঘটনায় দেশজুড়ে তুঙ্গে বিতর্ক। চাপের মুখে উত্তরপ্রদেশ পুলিশ SIT গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে। এর মধ্যেই নিরপেক্ষতার প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবিতে তিনটি আলাদা মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। রাম মন্দিরে(Ram Temple) অনুদান সংক্রান্ত ওই তিন মামলার শুনানি হবে আগামী ১৩ জুলাই, সোমবার। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে এই আর্জি গুলির শুনানি হবে।

আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামী, অজয় কুমার রায় এবং আরজেডি সাংসদ সুধাকর সিং পৃথকভাবে এই তিনটি আবেদন দায়ের করেছেন। তাঁদের বক্তব্য, বিষয়টি কোটি কোটি রামভক্তের ধর্মীয় বিশ্বাস ও আস্থার সঙ্গে জড়িত। তাই মন্দিরে প্রাপ্ত সমস্ত অনুদানকে ট্রাস্টের পবিত্র সম্পত্তি হিসেবে ঘোষণা করে তার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ জরুরি। মন্দিরের অনুদান ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের দাবিও তোলা হয়েছে।

অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার অনুদান চুরিতে প্রশ্নের মুখে খোদ রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। এই ঘটনায় মুখ পুড়েছে উত্তরপ্রদেশের আদিত্যনাথ সরকারের। বিতর্কের জেরে ৮ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এমনকী শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পদত্যাগী প্রধান চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। এই অবস্থায় রাম মন্দিরে চুরির মামলা সুপ্রিম কোর্টে ওঠায় অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। শীর্ষ আদালতের তিনটি আবেদনে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের সিএজি অডিট, সিবিআই তদন্ত, ফরেন্সিক অডিট এবং ব্যাঙ্ক, ইউপিআই ও ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ চাওয়া হয়েছে।