অসমের বন্যা পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ আকার নিচ্ছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন একাধিক অভিনেতা। এবার অর্থসাহায্য করা ছাড়াও ত্রাণকার্যে যোগ দিলেন বলিউড অভিনেতা রণদীপ হুডা(Randeep Hooda)। শনিবার তিনি অসমের বন্যাকবলিত শিবসাগর জেলায় পৌঁছে দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। শুধু তাই নয়, সেখানে স্বেচ্ছাসেবকদের সঙ্গে ত্রাণ বিতরণে অংশ নেন। 

ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে পৌঁছে রণদীপ গ্লোবাল শিখ (Global Sikhs)-এর সদস্যদের সঙ্গে শিবসাগরের বন্যাকবলিত এলাকায় যান।  দুর্গত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। সরকারের তরফে বিশেষ কোন ভূমিকা না থাকলেও বেশ কয়েক দিন ধরে Global Sikhs শিবসাগর ও চরাইদেও জেলায় ত্রাণ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। খাদ্য, পানীয় জল, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দুর্গম গ্রামগুলিতে নৌকায় করে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে। এদিন রণদীপ স্বেচ্ছাসেবকদের সঙ্গে খাবার পরিবেশন এবং ত্রাণ বিতরণে অংশ নেন। তিনি এই মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার কথাও বলেন এবং সকলের সাহায্য আশা করছেন বলেই জানান।

উল্লেখ্য, বন্যায় অসমের পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক ও ভীতিপ্রদ। গোলাঘাট, শিবসাগর, চরাইদেও, যোরহাট ও নগাঁও-সহ পাঁচটি জেলায় এখনও প্রায় ১.৯৩ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। মৃতের সংখ্যা বেড়ে ৮২। ১৩ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এখানেই শেষ নয়, ডিখৌ ও ধানসিঁড়ি-সহ একাধিক নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে যা সময়ের সাথে আরও খারাপ পর্যায়ে পৌঁছতে পারে বলেই মনে করা হচ্ছে।