বাড়ি বা গাড়ির ঋণ নেওয়া গ্রাহকদের জন্য আপাতত বড় কোনও পরিবর্তন নেই। রেপো রেট আগের মতোই ৫.২৫ শতাংশে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। তিন দিনের মুদ্রানীতি বৈঠক শেষে গভর্নর সঞ্জয় মালহোত্রা (Governor Sanjay Malhotra) জানান, মনিটরি পলিসি কমিটির (Monetary Policy Committee) ছয় সদস্যই সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। ফলে আপাতত ইএমআই বাড়ার আশঙ্কাও নেই।
গত বছর একাধিক দফায় সুদের হার কমানোর পর ডিসেম্বর মাসে রেপো রেট ৫.২৫ শতাংশে নামানো হয়। তারপর থেকে সেই হারই কার্যকর রয়েছে। আরবিআইয়ের মতে, বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে সুদের হার বাড়ানো বা কমানোর প্রয়োজনীয়তা দেখা যায়নি। তাই আগামী মুদ্রানীতি বৈঠক পর্যন্ত একই হার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) জেরে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হলেও ভারতের অর্থনীতি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে স্থিতিশীলতার পরিচয় দিয়েছে। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও দেশের আর্থিক অবস্থার উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
এদিকে, সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যমে ভারতের সোনার ভাণ্ডার নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনেরও উল্লেখ করেন গভর্নর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বিপুল পরিমাণ সোনা বিক্রির যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আরবিআই।
















