২০২১ সালের একটি মামলায় জারি হওয়া জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (Arrest warrant) শেষ পর্যন্ত খারিজ করে দিল দিল্লির পাতিয়ালা হাউস আদালত (Delhi's Patiala House Court)। এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষের (SFI All-India Joint Secretary Aishe Ghosh) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দেন বিচারক বিজয়শ্রী রাঠোর (Judge Vijayashree Rathore)। এর আগে বুধবার আদালত পরোয়ানার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। একই সঙ্গে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে নভেম্বরে।
এই মামলাকে কেন্দ্র করেই সম্প্রতি ঐশী ঘোষকে খুঁজতে সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কার্যালয় একেজি ভবনে (AKG Bhavan) পৌঁছেছিল দিল্লি পুলিশের (Delhi Police) একটি দল। সেখানে তাঁকে না পাওয়ায় কোনও গ্রেফতারি হয়নি। ঘটনাস্থলে উপস্থিত সিপিআই(এম)-এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস (Rajya Sabha MP John Brittas) পুলিশের পদক্ষেপ নিয়ে আপত্তি জানান। পরে দলের সাধারণ সম্পাদক এম এ বেবিও (General Secretary M. A. Baby) সেখানে পৌঁছন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়।
পুলিশের বক্তব্য, নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় ঐশী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। অন্যদিকে তাঁর আইনজীবীরা আদালতে জানান, অনুপস্থিতি ইচ্ছাকৃত ছিল না এবং বিচার প্রক্রিয়া এড়ানোর কোনও উদ্দেশ্যও ছিল না। সেই যুক্তি গ্রহণ করেই আদালত গ্রেফতারি পরোয়ানা বাতিলের সিদ্ধান্ত নেয়।
এই ঘটনায় মোদি সরকারকে নিশানা করে বামেরা পোস্টে লেখে, “একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এই নির্লজ্জ অনুপ্রবেশ এবং ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাগাতার প্রতিহিংসামূলক অভিযান গণতান্ত্রিক অধিকারের উপর মোদি সরকারের ক্রমবর্ধমান আক্রমণকে উন্মোচিত করে। ছাত্রদের ন্যায্য উদ্বেগের সমাধান করার পরিবর্তে, রাষ্ট্র ভিন্নমতকে ভয় দেখাতে, স্তব্ধ করতে এবং অপরাধ হিসেবে গণ্য করতে পুলিশি ক্ষমতা ব্যবহার করছে।" জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) প্রাক্তন ছাত্র সংসদ সভানেত্রী ঐশী ঘোষ বর্তমানে এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক এবং সিপিআই(এম)-এর দিল্লি রাজ্য কমিটির সদস্য। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জামুড়িয়া কেন্দ্র থেকে তিনি বাম প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আদালতের এই রায়ে আপাতত তাঁর বিরুদ্ধে জারি হওয়া আইনি জটিলতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।
















