বিজেপির শাসনকালে চলতি বছরে সবথেকে বড় স্ক্যাম! এবার যোগীরাজ্যে রামমন্দিরে অনুদান চুরির ঘটনায় বিশেষ তদন্তকারী দল SIT-র পুনর্গঠন করা হল। দলে আনা হয়েছে তিন বর্ষীয়ান IPS অফিসারকে। তদন্তকারী দলের প্রধান করা হয়েছে আইজি কিরণ এস-কে। সঙ্গে রয়েছেন অযোধ্যার ডিআইজি সোমেন বর্মা এবং এসএসপি গৌরব গ্রোভার। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়ে নজিরবিহীন মন্তব্য করেছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন। দেশজুড়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যোগী আদিত্যনাথ সরকারের 'বুলডোজার নীতি' সম্পর্কিত একটি বিভক্ত রায়ে ৫১ পৃষ্ঠার মতামত পেশ করতে গিয়ে বিচারপতি পর্যবেক্ষণ করেন, রাম মন্দিরে অনুদান চুরির ঘটনাটি ভারতীয়দের সততা ও নৈতিকতার চরম অধঃপতন বোঝায়। দেশে দুর্নীতি যেভাবে সাধারণ মানুষের জীবনে স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে, সেটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি।
সুপ্রিম কোর্ট নতুন করে SIT গঠনের জন্য ১৩ জুলাই নির্দেশ দিয়েছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চ এই নির্দেশ দেয়। পুরোনো SIT দলে ছিলেন লখনৌয়ের কমিশনার বিজয় বিশ্বাস পন্থ এবং অর্থ দফতরের সচিব নীল রতন কুমার-সহ একাধিক প্রশাসনিক কর্তারা। নতুন করে SIT গঠনের পরে ২৭ জুলাইয়ের মধ্যে আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। অযোধ্যার রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ ওঠার পর থেকে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে SIT। মন্দিরের সিসিটিভি ফুটেজ, অনুদানের খাতা, টাকা গোনার নিয়ম এবং আর্থিক নথি তদন্তের আওতায় আনা হয়েছে। প্রাথমিক রিপোর্টেই টাকা গোনা এবং জমা দেওয়ার কাজে বড় গাফিলতি ও তছরুপ নজরে আসে। সেই রিপোর্টের ভিত্তিতে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
















