প্রতি বছর উৎসবের মরশুম শুরুর আগেই দেশজুড়ে হু হু করে বাড়তে থাকে চিনির দাম। নতুন নতুন দামের রেকর্ড গড়ে। এবারও তার অন্যথা হয়নি। বাড়তে শুরু করেছে চিনির মূল্য (Price of Sugar)। দেশে গ্যাস-পেট্রোল-ডিম-মাছ-মাংস-ওষুধ সব জিনিসেরই দাম বেড়েই চলেছে। এখন এই সমস্ত দ্রব্যের সঙ্গে যুক্ত হল চিনিও। এহেন পরিস্থিতিতে চিনি মজুতের বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার (Central Government)।
চিনি নিয়ে কালোবাজারি ঠেকাতে মজুত রাখার সীমা আরও কমিয়ে দেওয়া হল। নতুন নিয়মে ব্যবসায়ী ও ডিলাররা সর্বোচ্চ ১৫ দিনের চাহিদার চিনি মজুত রাখতে পারবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম। ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। কলকাতার উল্টোডাঙায় (Ultadanga) বৃহস্পতিবার চিনি বিক্রি হয়েছে ৬০ টাকায়। নিউ হায়দরাবাদের (New Hyderabad) খুচরো ব্যবসায়ীরা দিন ১৫ আগেও ৫০ টাকা কেজি দরে চিনি বিক্রি করেছেন।
চিনির দাম যে হারে বাড়ছে, জোগানে যে টান পড়ছে, তা মাথায় রেখে সরকারের তরফে চিনি মজুতের সীমা বেঁধে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ব্যবসায়ীরা মাসে ১০ টনের বেশি চিনি মজুত করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। নয়া নির্দেশ অনুযায়ী, ১৫ দিনের বেশি স্টক মজুত রাখতে পারবেন না তাঁরা। এর মধ্যে কীভাবে চিনির জোগান বাড়াবে তা নিইয়ে চিন্তায় ব্যবসায়ীরা।
















