রাজনীতিতে দক্ষিণী সিনেমার তারকাদের যোগ নতুন ঘটনা একেবারেই নয়। কিছুদিন আগেই অভিনেতা থালাপতি বিজয় নতুন রাজনৈতিক দল গঠন করে বিরাট সাফল্য অর্জন করেছেন। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলা বাহুল্য। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজয় এখন সিনেমা জগতে ও রাজনীতিতে বেশ প্রভাবশালী হয়ে উঠেছেন। এবার আরও একজন দক্ষিণী সুপারস্টারের একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিজয়ের পথেই হাঁটবেন ধনুষ( Dhanush)?
কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধনুষ বলেন, "এত মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে তাতে বোঝা যাচ্ছে ঐক্যের মধ্যে মারাত্মক শক্তি রয়েছে। এই শক্তিকে শুধু অডিও লঞ্চ বা ফ্যান মিটে সীমাবদ্ধ রাখা উচিত নয়। নিজেদের এলাকার মানুষ, আশপাশের পরিবারগুলোর পাশে দাঁড়ান, নিজের সাধ্যের মধ্যে সাহায্য করুন। আমি চাই, আপনাদের নিয়ে গর্ব করতে।" ধনুষের এই মন্তব্য ঘিরে শুরু হয় রাজনৈতিক জল্পনা। অনুরাগীরা মনে করছেন, সাধারণ মানুষের জন্য কাজ করার বার্তা দিয়ে অভিনেতা রাজনৈতিক ইনিংস শুরু করার ইঙ্গিত দিলেন। অনেকেই মনে করছেন ধনুষের এই বক্তব্য শুধুমাত্র সমাজসেবামূলক নয়।
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্য নিয়ে একজন লেখেন, "Looks like the queue for politics is getting longer. Everyone seems to think, 'If Thalapathy Vijay entered politics, why not me?" তবে রাজনীতিতে যে মানুষ ধনুষকে স্বাগত জানাবেন সেই কথা বেশ স্পষ্ট হয়ে গেল। অনেকেই লিখেছেন তামিলনাডুর মানুষ শিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ, সাহসী মানুষকে রাজনীতিতে দেখতে চায়। তবে ধনুষ নিজেই নতুন দল গঠন করবেন না কোন দলে যোগ দেবেন এই নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও ধনুষ নিজে এখনও পর্যন্ত রাজনীতিতে যোগ দেওয়া বা রাজনৈতিক দল গঠনের বিষয়ে মুখ খোলেন নি।
উল্লেখ্য, তাঁর পরিচালিত 'রায়ান' সেরা তামিল ছবির সম্মান পেয়েছে। Captain Miller ছবিতে অভিনয়ের জন্য ধনুষ বিশেষ সম্মান পেয়েছেন। তবে ধনুষের রাজনীতিতে প্রবেশের জল্পনা নিয়ে ভক্তদের উৎসাহ উদ্দীপনার উত্তর সময়ই দেবে নিঃসন্দেহে।
















