রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে রাজ্যপাট হাতছাড়া হওয়ার পরে গত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরপ্রদেশে পরিবর্তন আনতে পারেনি সমাজবাদী পার্টি (SP)। যোগীর রাজপাঠ ওল্টাতে কি এবার ককরোচ জনতা পার্টির (CJP) সঙ্গে হাত মেলাবে অখিলেশ যাদবের দল? লখনউয়ে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কার সঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘গোপন বৈঠক’ ঘিরে উঠছে প্রশ্ন।  

এখনও সরকারিভাবে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেনি ককরোচ জনতা পার্টি। কিন্তু পরীক্ষার প্রশ্ন ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে তাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ। পদত্যাগ করতে হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। এই পরিস্থিতিতে সপা সুপ্রিমো অখিলেশের বৈঠক ঘিরে জোর জল্পনা। আরএসএস প্রশ্ন তুলেছে, বৈঠকের এজেন্ডা গোপন রাখা হল কেন? আরএসএসের মুখপত্রের প্রতিবেদনে দাবি, ৩ সেপ্টেম্বর গোপনে আশুতোষের সঙ্গে দেখা করেছেন অখিলেশ। প্রায় ঘণ্টা দেড়েক তাঁদের মধ্যে কথা হয়। আশুতোষ এখন ককরোচ জনতা পার্টিতে থাকলেও আগে তিনি ছিলেন আম আদমি পার্টিতে। জেন জি পড়ুয়া তিনি নন, রীতিমতো রাজনৈতিক কর্মী। ফলে তাঁর সঙ্গে অখিলেশের বৈঠক ঘিরে জল্পনা তৈরি হচ্ছে। যদিও বৈঠকের বিষয়ে দুজনের কেউ কিছু জানাননি। 

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ক্ষমতায় ফিরতে মাটি কামড়ে লড়াই করতে চান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। বিজেপি হটাতে তিনি সিজেপি-কে পাশে পেতে চাইছেন বলে মনে করছেন অনেকে। দিল্লিতে জেন জি-মিলেনিয়ালদের নিয়ে আন্দোলন ‘সফল’ করেছিল ককরোচ জনতা পার্টি। উত্তরপ্রদেশে তখথ পরিবর্তনে সেই নব প্রজন্মকেই কাজে লাগাতে চাইছেন অখিলেশ। সেই জন্যেই সিজেপি তাঁকে সাহায্য করতে পারে। আবার ক্ষমতায় এলে ককরোচদের সাংগঠনিক শক্তি বাড়াতে সহযোগিতা করতে পারেন অখিলেশ। দিল্লিতে সিজেপি-র বৈঠক চলাকালীন বেশ কয়েকবার গিয়েছিলেন অখিলেশপত্নী সাংসদ ডিম্পল যাদব। অখিলেশ নিজে গিয়েছেন ধর্নার। সেই সূত্রে ধরেই ককরোচদের সঙ্গে দিয়ে যোগীর গদি ওল্টাতে চাইছেন সপা সুপ্রিমো- মতা রাজনৈতিক মহলের।