যেহেতু বিজেপি (BJP) ক্ষমতায় এসেছে তাই সরকারি অফিসার থেকে শুরু করে সাধারণ কর্মচারী সকলেই রাতারাতি আরএসএস-পন্থী হওয়ার চেষ্টা করছেন, মধ্যপ্রদেশের ভূপালে আয়োজিত একটি কর্মসূচিতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা ক্যাবিনেট মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। 

মধ্যপ্রদেশের ক্ষমতায় রয়েছে বিজেপি, তাই যে অফিসারই তার সঙ্গে দেখা করতে আসছেন তিনি নাকি প্রমাণ করার চেষ্টা করছেন যে তার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুরনো যোগ রয়েছে। তবে এই উপচে পড়া ভিড়ে মোটেও খুশি নন প্রবীণ নেতা। তাঁর কথায়, সঙ্গে কাজ শুধু লোক বাড়ানো নয়। যদি ভালো মানুষ না তৈরি হয় তাহলে মতাদর্শের গুরুত্ব থাকবে না। এই বিষয়টা নিয়ে এবার একটু ভাবার প্রয়োজন এসেছে। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মধ্যপ্রদেশের দাপুটে মন্ত্রী বলেন, "আমি বেল্ট পরেছি, ব্যান্ড বেঁধেছি, সংঘের খাঁকি হাফ প্যান্ট পড়েছি। কিন্তু আমাদের সরকার আসার পর সবাই যেন সংঘের লোক হয়ে গেছে। চারিদিকে এখন মারাত্মক ভিড়, সংঘের সঙ্গে নিজেদের যোগসূত্র প্রমাণ করার জন্য সবার নিজস্ব একটা না একটা কায়দা রয়েছে। ঠিক যখন আরএসএস ১০০ বছর উদযাপন করছে তখন 'সুসময়ের সংঘ-ঘনিষ্ঠ'দের নিয়ে কৈলাসের তাৎপর্যপূর্ণ কটাক্ষ রাজনৈতিক মহলে বিশেষ চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।