সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-কে পুরোপুরি নিশ্ছিদ্র করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে দাবি করল কেন্দ্র। তবে ইউপিএসসি-র মতো নিখুঁত ও নির্ভরযোগ্য ব্যবস্থার দৃষ্টান্ত তুলে ধরে নিট পরিচালনাকারী সংস্থা এনটিএ-কে আরও দক্ষ ও আধুনিক হওয়ার বার্তা দিল শীর্ষ আদালত। বুধবার নিট প্রশ্নফাঁস মামলার শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, রাধাকৃষ্ণণ কমিটির চিহ্নিত ত্রুটিগুলির দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান প্রয়োজন। একই সঙ্গে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষার্থীদের হাতে পৌঁছনো পর্যন্ত গোটা প্রক্রিয়ায় যে সর্বোচ্চ গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রাখা হচ্ছে, তা-ও আদালতের সামনে তুলে ধরেছে কেন্দ্র। 

কেন্দ্রের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, প্রশ্নপত্র বহনকারী গাড়িতে জিপিএস প্রযুক্তি বসানো রয়েছে, যার মাধ্যমে গাড়ির গতিবিধির প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে। ফলে এই ব্যবস্থায় কোনও রকম বেনিয়ম বা নিয়ম লঙ্ঘন করা অসম্ভব। প্রশ্নব্যাঙ্ক তৈরির ক্ষেত্রে একাধিক মডারেটর থাকলেও চূড়ান্ত প্রশ্নপত্রে কোন প্রশ্ন থাকবে, সে বিষয়ে কারও আগাম তথ্য পাওয়ার সুযোগ নেই।

যদিও সুরক্ষাব্যবস্থার এই যুক্তিতে পুরোপুরি সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ইউপিএসসি যেভাবে নিরবচ্ছিন্ন ভাবে পরীক্ষা পরিচালনা করে, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেও (এনটিএ) বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ঠিক সেই ধাঁচে প্রস্তুত হতে হবে। পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে বিশেষজ্ঞদের যুক্ত করার পরামর্শ দিয়ে কেন্দ্রকে নতুন হলফনামা পেশের নির্দেশ দেয় আদালত। তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। 

এর আগের শুনানিতেও নিট পরিচালনার ধারাবাহিক ত্রুটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছিল, গোটা প্রক্রিয়ার অগ্রগতি কড়া নজরদারিতে রাখা হবে এবং পরীক্ষাব্যবস্থার সুরক্ষায় কোনও রকম খামতি মেনে নেওয়া হবে না।