অভাবের তাড়না না নেপথ্যে রয়েছে অন্য কোন অভিসন্ধি! গামচুক প্রাইমারি স্কুলের ৫৫ বছরের এক শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী এবং তিন নাবালক সন্তানকে খুনের গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, পেশায় তিনি একজন শিক্ষক হলেও কিন্তু মাসে মাইনে পেতেন মাত্র ১০ হাজার টাকা। হঠাৎ করেই বুধবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনি স্ত্রী এবং সন্তানদের খুন করেন বলে অভিযোগ। অসমের জোনাই এলাকার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। কিন্তু ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সেটা জানতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের দাবি, আর্থিক সমস্যার ফলেই স্ত্রী এবং সন্তানদের খুন করেছেন তিনি। তবে অন্য কোন কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জোনাই এর তেলম বাজারে ফিরোজ আলি নামে এই ব্যক্তি তাঁর স্ত্রী এবং তিন নাবালক সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। মৃতদের নাম চিনুওয়ারা বেগম (৩৩), নেইনা আখতার (১৩), শাকিল আলি (৮) এবং রিজিকা (৫)। বাড়িতেই ফিরোজ তাঁর স্ত্রী এবং সন্তানদের খুন করেন। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা একটি খুঁটির সঙ্গে ফিরোজকে বেঁধে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। জানা গিয়েছে, জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছেন ফিরোজ। মাত্র ১০ হাজার মাইনে পাওয়ায় রীতিমত আর্থিক সমস্যার মধ্যে ছিলেন তিনি। এই আর্থিক অনটনের ফলেই স্ত্রী এবং সন্তানদের খুন করেছেন তিনি, জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন তিনি।

এরপরেই বিভিন্ন মহলে অসমের শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও সেখানে প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে শিক্ষকদের তবে সদর্থক কোন সুবিধা মেলেনি। এদিনের ঘটনা ফের একবার নিঃসন্দেহে বিজেপি সরকারের চরম ব্যর্থতা চোখের সামনে তুলে ধরল।