সোমবার দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool leader Mamata Banerjee)। দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar in Delhi) পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করে পাশে দাঁড়াতেই রাজধানী যাচ্ছেন তিনি। নেত্রীর দিল্লি যাওয়ার ঘটনা নিঃসন্দেহে রাজনৈতিক মহলে বড় ঘটনা। দিল্লির বুকে সিজেপির (CJP) প্রতিবাদ আন্দোলনে নেত্রীর উপস্থিতি যে অন্য মাত্রা যোগ করতে চলেছে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, ২১ জুলাইয়ের সভা মঞ্চ থেকে নেত্রী জানিয়েছিলেন, দিল্লিতে সিজেপির আন্দোলনকারীদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। প্রয়োজনে তাদের সমর্থনে দিল্লিও যাবেন। শহিদ স্মরণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই নেত্রী যাচ্ছেন দিল্লি। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দোষীদের দ্রুত শাস্তি ও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবিতে রাজধানী ছাত্রদের আন্দোলনে উত্তাল।
সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথম থেকেই আমি পড়ুয়াদের আন্দোলনের পাশে রয়েছি। ওদের লড়াই শুধু নিটের প্রশ্ন ফাঁস এবং দোষীদের শাস্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুদৃঢ় করার লড়াই। দিল্লি পুলিশ যেভাবে পাশবিক ভঙ্গিতে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে, তা কখনই মেনে নেওয়া যায় না। ওদের ন্যক্কারজনকভাবে মারা হয়েছে। লাঠিচার্জ করা হয়েছে। বন্দুক থেকে পেলেট ছোড়া হয়েছে। এমনকি টিয়ার গ্যাসও বাদ যায়নি। ওদের দোষটা কোথায়? ভবিষ্যৎ ধুলোয় মিশে যাওয়ার পর বিচার চাওয়া কি অন্যায়?
বিজেপি সরকার এই আন্দোলনকে ভয় পেয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন। সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা আইনে পড়ুয়াদের আটক করা শুরু হয়েছে। কোন পড়ুয়া? যারা দেশের ভবিষ্যৎ।
প্রধানমন্ত্রী (Prime Minister) ক্ষমতায় এসে বলেছিলেন দুর্নীতি বরদাস্ত করা হবে না। কিন্তু কেন্দ্রের তদন্তকারী এজেন্সি সিবিআই (CBI) বৃহস্পতিবারই জানিয়েছে, ২০২৪ সালের নিট পরীক্ষার প্রশ্নফাঁসের পান্ডার বিরুদ্ধে নাকি কোনও তথ্য প্রমাণই পাওয়া যায়নি। আসলে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে বিজেপি সরকার। নষ্ট করছে দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ। সরকার মরিয়া হয়ে শিক্ষামন্ত্রীকে আড়াল করছে। দেশের মানুষের বহু প্রশ্ন, অথচ তার একটিরও উত্তর দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশের সমস্ত বিরোধী দলগুলি পড়ুয়াদের আন্দোলনের পাশে রয়েছে। আমিও পড়ুয়াদের স্যালুট জানাচ্ছি। রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে মাথা উঁচু করে ওরা লড়াই করছে। পুলিশের শত অত্যাচারেও পিছু হটেনি। ওদের জন্য আমি গর্বিত।
















